ভারত-বাংলাদেশ সম্পর্কে কোনো প্রভাব পড়বে না: তথ্য উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ভারত-বাংলাদেশের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ ও পারস্পরিক স্বার্থের সম্পর্ক রয়েছে, পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে তা বাধাগ্রস্ত হবে না।
আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে বাংলাদেশের কোনো পর্যবেক্ষণ বা বিবৃতি আছে কি না, জানতে চাইলে উপদেষ্টা বলেন, কোনো অবজারভেশন নেই। এটা ভারতের অভ্যন্তরীণ নির্বাচন। যারা জিতবেন, যেই জিতুন; প্রথম কথাটা হচ্ছে আমরা আসলে পশ্চিমবঙ্গের সঙ্গেও খুব বেশি আলাদা করে চিন্তা করতে চাই না।
তিনি বলেন, তিস্তা চুক্তি নিয়ে একসময় পশ্চিমবঙ্গকে আলাপে আনার চেষ্টা করা হয়েছে। দুই রাষ্ট্রের মধ্যকার চুক্তি মূলত কেন্দ্রীয় সরকার পর্যায়ের বিষয়। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ সীমান্ত থাকায় সেখানে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়মিত মিথস্ক্রিয়া চলতে থাকবে।
তথ্য উপদেষ্টা বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচনে বাংলাদেশ একটা ফ্যাক্টর হয়েছে, বাংলাদেশকে নিয়ে নানা বক্তব্য দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এগুলো মূলত রাজনৈতিক কৌশল বা স্রেফ কথার কথা। নতুন সরকার গঠিত হওয়ার পর আমাদের সঙ্গে সুন্দর সহযোগিতার সম্পর্কই থাকবে।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে যাওয়া বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেছিলেন।
ঢাকা/এএএম/ফিরোজ