ঢাকা     মঙ্গলবার   ০৫ মে ২০২৬ ||  বৈশাখ ২২ ১৪৩৩ || ১৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালকের পা বিচ্ছিন্ন

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৪, ৫ মে ২০২৬  
থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালকের পা বিচ্ছিন্ন

দুর্ঘটনাকবলিত বাস

গাইবান্ধায় থেমে থাকা ট্রাকে পিছন থেকে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে বাসচালকের ডান পা বিচ্ছিন্ন হয়েছে। একইসঙ্গে ভেঙেছে বাম পা। আহত হয়েছেন বাসের চার যাত্রী। 

মঙ্গলবার (৫ মে) সকালে গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্তাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আহত চালকের নাম শান্ত মিয়া (২৬)। তিনি গাইবান্ধা সদর উপজেলার কুপতলা গ্রামের লুৎফর রহমানের ছেলে।

দুর্ঘটনায় আহত বাসযাত্রীরা হলেন— সুন্দরগঞ্জের ছাতাইনতলা এলাকার মজিবর রহমানের ছেলে সিজু (৩০), কুড়িগ্রামের চিলমারী উপজেলার মাঝিপাড়া এলাকার বিষ্ণু রায়ের স্ত্রী সাথী রায় (২১), শিবগঞ্জের গগনপাড়ার আজিজার রহমানের ছেলে মানিক  মিয়া (৩১) ও রংপুরের আশরাফুল ইসলাম (৩২)।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানিয়েছেন, সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী সৈকত পরিবহনের একটি বাস গোবিন্দগঞ্জের পৌর শহরের পান্তাপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা সিমেন্টবোঝাই ট্রাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের ডান পাশের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে বাসচালকের ডান পা বিচ্ছিন্ন হয় এবং বাম পা ভেঙে যায়। একইসঙ্গে বাসে থাকা চার যাত্রী আহত হন।

স্থানীয়রা বাসচালককে উদ্ধার করে চিকিৎসার জন্য গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। দুর্ঘটনার পরপরই বিচ্ছিন্ন হওয়া পা উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। 

ওসি আরো জানান, বাসটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

ঢাকা/মাসুম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়