‘পুচকেদের’ নিয়ে শামসুরের নতুন যাত্রা
শামসুর রহমান শুভ।
খেলা শেষে ক্রিকেট নিয়েই থাকার ইচ্ছা ছিল শামসুর রহমান শুভর। জাতীয় দলের হয়ে ৬ টেস্ট, ১০ ওয়ানডে এবং ৯ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা এই ব্যাটসম্যানের দুয়ার খুলে দিলো বিসিবির গেম ডেভেলাপমেন্ট বিভাগ।
শামসুরকে জুনিয়র লেভেলের ক্রিকেটের জন্য নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে বোর্ড। পয়লা মে থেকে তার নির্বাচক হিসেবে পথ চলা শুরু হয়েছে। দায়িত্ব পাওয়ার পরপরই খুলনায় ছুটে গিয়েছিলেন অনূর্ধ্ব ১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট দেখতে।
অনূর্ধ্ব-১৪, ১৬, ১৭ এবং যুব দল নিয়ে শামসুর কাজ করবেন। শামসুরের বিশ্বাস ‘পুচকে’ ক্রিকেটারদের নিয়ে কাজ করে স্বাচ্ছন্দ্যবোধ করবেন, “লম্বা সময় ধরেই আমি ক্রিকেট নিয়ে আছি। আমার অভিজ্ঞতা অনেক বিস্তৃত। নির্বাচক হিসেবে বেশ ভালোভাবেই কাজ করতে পারবো বলে বিশ্বাস। খেলোয়াড়দের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করা এবং তাদেরকে এগিয়ে নেওয়ার কাজটা চ্যালেঞ্জিং। আশা করছি সুষ্ঠুভাবেই কাজ করতে পারল।”
১৬০ প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচে ৯ হাজার ৬০২ রান করেছেন শামসুর। গত বছরের ১০ ডিসেম্বর নিজের শেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেন তিনি। এরপর থেকে বিসিবি যোগ দেওয়ার ইচ্ছা ছিল তার, “খেলা ছাড়ার আগেই আমার ইচ্ছা ছিল ক্রিকেট নিয়ে কাজ করার। সুযোগটি হলো। এখন আশা করছি পাইপলাইন সমৃদ্ধ করতে পারব।”
তবে দায়িত্ব পাওয়ার পর থেকে তুমুল সমালোচনায় বিদ্ধ শামসুর। বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের ঘনিষ্ঠ হওয়ায় শামসুরকে নিয়ে সমালোচনা হচ্ছে বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বাজে পোস্ট ও ছবি। সেগুলো চোখে পড়েছে তারও।
কিন্তু ক্রিকেটে তার নতুন যাত্রার শুরুর সময়টায় সেসব নিয়ে কোনো ভাবনা নেই। খুব বেশি কিছু বলতে চাইলেন না সেসব নিয়ে, “এসব নোংরামি। আমার সাধ্য, সামর্থ্য সম্পর্কে আমি অবগত। আমাকে যারা নিয়োগ দিয়েছে তারাও আমার ওপর বিশ্বাস রেখেছে। এখন ঠিকঠাক মতো দায়িত্ব পালন করতে পারলে বাকি সবকিছুই আড়াল হয়ে যাবে। সময়ও তখন আমার পক্ষে কথা বলবে।”
ঢাকা/ইয়াসিন/এসবি
নারায়ণগঞ্জে র্যাবের ওপর হামলায় আহত ৩