ছাত্রলীগের ১১ পদধারী নেতা জায়গা পেলেন ছাত্রদলের কমিটিতে
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদলের সদ্য ঘোষিত ৫১ সদস্যের আহ্বায়ক কমিটিতে স্থান পেয়েছেন ছাত্রলীগের পদধারী ১১ নেতা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। কমিটিতে তানভীর আব্দুল্লাহকে আহ্বায়ক ও মেহেদী হাসানকে সদস্য সচিব করা হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের অনুমোদন করা ছাত্রলীগের ময়মনসিংহ মেডিকেল কলেজ কমিটির পদধারী ১১ নেতা সদ্য ঘোষিত ছাত্রদলের কমিটিতে জায়গা পেয়েছেন।
তাদের মধ্যে ছাত্রদলের কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে জায়গা পেয়েছেন মো. মোহাইমিনুল ইসলাম নোমান, রিজভী আহমেদ, সাদ মোহাম্মদ, নিলয় সাহা প্রয়াস, জান্নাতুল ইসলাম নাবিল, আব্দুল বাসেত শিবলু, আরাফাত হোসাইন রিফাত, জাকারিয়া আরজু, সাব্বির আহমেদ সৌরভ। সদস্য হিসেবে জায়গা পেয়েছে মেহেরাব হোসেন মিয়াদ ও প্রান্ত সাহা।
ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।
ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বর্তমানে মমেক হাসপাতালের কিডনি বিভাগের প্রধান ডা. আসাদুজ্জামান রতন বলেছেন, “সদ্য ঘোষিত ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা ঢুকে গেছে, বিষয়টি আমাদের মতো সাবেক ছাত্রদল নেতারা কিছুতেই মানতে পারছে না। এটা আমাদের জন্য খুবই বিব্রতকর। কমিটি করার আগে অবশ্যই যাচাই-বাছাই করে ঘোষণা দেওয়া উচিত ছিল।”
এ বিষয়ে ময়মনসিংহ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম বলেছেন, “কেন্দ্রীয় ছাত্রদল কমিটি ঘোষণা করেছে। যেসব কমিটিতে বিতর্কিতরা স্থান পেয়েছে, তাদের বিরুদ্ধে কেন্দ্র ইতোমধ্যে তথ্য পেয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
গত ১ মে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরে এ কমিটি প্রকাশ করা হয়।
ঢাকা/মিলন/রফিক
নারায়ণগঞ্জে র্যাবের ওপর হামলায় আহত ৩