জুলাই গণঅভ্যুত্থান শুধু হাসিনার পতনের জন্য ছিল না: হান্নান মাসউদ
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের লড়াই শুধু শেখ হাসিনার পতনের জন্য ছিল না। ১৯৯০ সালে এরশাদের পতন হয়েছে, ৯৬ সালে ভোট চুরির বিরুদ্ধে লড়াই হয়েছে, কিন্তু ২০২৪-এর লড়াই ছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও সংস্কারের।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকের যোগদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এসময় তিনি বলেন, ‘‘দীর্ঘ ১৬ বছর ধরে আন্দোলন ও নির্যাতনের শিকার হয়ে বিএনপি ও অন্য দলগুলো একটি পটভূমি তৈরি করলেও এ দেশের মানুষ তাদের নেতৃত্বে আস্থা রাখেনি। এ দেশের মানুষ আস্থা রেখেছে নতুন আকাঙ্ক্ষা ও নতুন বন্দোবস্তের স্বপ্নে। সেই আস্থার কারণেই তরুণরা সামনে এসে গণঅভ্যুত্থান ঘটিয়েছে।’’
হান্নান মাসউদ বলেন, ‘‘যারা মনে করছেন শুধু তাদের ক্ষমতায় বসানোর জন্য এই লড়াই ছিল, তারা ভুল ভাবছেন। নির্বাচনের আগে অনেক মিষ্টি কথা বলা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা, গুম প্রতিরোধ, সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিলসহ নানা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মানুষ বিশ্বাস করে ভোট দিয়েছে, কিন্তু এখন সংসদে গিয়ে তারা জনগণের সঙ্গে প্রতারণা করছে। অকৃতজ্ঞতার এই পরিচয় খুব একটা ভালো হবে না।’’
ঢাকা/রায়হান//
নারায়ণগঞ্জে র্যাবের ওপর হামলায় আহত ৩