ঢাকা     মঙ্গলবার   ০৫ মে ২০২৬ ||  বৈশাখ ২২ ১৪৩৩ || ১৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বহাল আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৩, ৫ মে ২০২৬   আপডেট: ১৯:৩০, ৫ মে ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বহাল আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি শেষ হয়ে যায়নি। মঙ্গলবার (৫ এপ্রিল) পেন্টাগনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানিয়েছেন।

সোমবারের সংঘাতের পর যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে কিনা জানতে চাইলে হেগসেথ বলেন, “না, যুদ্ধবিরতি শেষ হয়নি।”

আরো পড়ুন:

হরমুজ প্রণালিতে আটকে পড়া মার্কিন মিত্র দেশগুলোর পতাকাবাহী বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডম’  নামে নতুন অভিযান শুরুর ঘোষণা দিয়েছিলেন। সোমবার থেকে মার্কিন নৌ-সেনারা আটকেপড়া জাহাজগুলোকে পথ দেখাবে বলে জানানো হয়েছিল।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ‘প্রজেক্ট ফ্রিডম’ ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপ থেকে আলাদা।

তিনি বলেন, “আমরা বলেছিলাম যে আমরা প্রতিরক্ষা করব এবং আক্রমণাত্মকভাবে করব। আমরা তা অবশ্যই করেছি। ইরান তা জানে এবং শেষ পর্যন্ত, যুদ্ধবিরতি লঙ্ঘনের পর্যায়ে কোনো কিছু গড়ালে প্রেসিডেন্টই সিদ্ধান্ত নেবেন।”

হেগসেথ বলেন, “আমরা অবশ্যই ইরানকে তাদের পদক্ষেপে বিচক্ষণ হতে এবং পরিস্থিতিকে এই সীমার নিচে রাখতে অনুরোধ করব। এই মুহূর্তে যুদ্ধবিরতি অবশ্যই কার্যকর আছে, কিন্তু আমরা খুব, খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করব।”

তিনি বলেন, “প্রজেক্ট ফ্রিডম প্রকৃতিগতভাবে প্রতিরক্ষামূলক, এর পরিধি সুনির্দিষ্ট এবং এটি অস্থায়ী। এর একটিই লক্ষ্য—নিরীহ বাণিজ্যিক জাহাজগুলোকে ইরানের আগ্রাসন থেকে রক্ষা করা। মার্কিন বাহিনীর ইরানের জলসীমা বা আকাশসীমায় প্রবেশের প্রয়োজন হবে না। এর কোনো প্রয়োজন নেই। আমরা কোনো লড়াই চাইছি না।”
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়