ঢাকা     মঙ্গলবার   ০৫ মে ২০২৬ ||  বৈশাখ ২২ ১৪৩৩ || ১৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পিণ্ডির আত্মবিশ্বাসে জ্বলে উঠার প্রত্যাশা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৫, ৫ মে ২০২৬   আপডেট: ২০:৩৫, ৫ মে ২০২৬
পিণ্ডির আত্মবিশ্বাসে জ্বলে উঠার প্রত্যাশা

মুশফিকুর রহিম তখন ড্রেসিংরুমের কাছ ঘেঁষে অনুশীলনে ব্যস্ত। পাকিস্তানের ক্রিকেটাররা মিরপুরে ঢুকে যাচ্ছিলেন একাডেমির দিকে। অতিথি দলের স্পিনার সাজিদ খানকে বেশ ভালোভাবেই চেনেন একশ টেস্ট খেলা মুশফিকুর। উইকেট নেওয়ার পর ডানপায়ের ঊরুতে স্ল্যাপ করে বাম হাত উপরে তোলেন সাজিদ। ‘পাঠান স্টাইল’ যার কেতাবি নাম।

তাকে দেখে সেই সেলিব্রেশন মিমিক্রি করলেন মুশফিকুর। এরপর দুজন জড়িয়ে ধরে হাসিতে মেতে উঠলেন। মাঠের বাইরে দুজনের এই সম্পর্ক দুদিন পর ২২ গজে থাকবে না নিশ্চিতভাবেই। কেননা পাকিস্তান যে বাংলাদেশে এসেছে ‘প্রতিশোধ’ নিতে! 

আরো পড়ুন:

দুই বছর আগে তাদের মাটিতে গিয়ে বাংলাদেশ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছিল। সেই হারের যন্ত্রণা নিশ্চিতভাবেই দুই বছর তাড়িয়ে বেড়াচ্ছে শান মাসুদ, সালমান আগা, মোহাম্মদ রিজওয়ান, বাবর আজমদের। দুই বছর পর বাংলাদেশের মাটিতে সুযোগ এসেছে প্রতিশোধ নেওয়ার। ঢাকায় প্রথম টেস্ট শুরু ৮ মে। পরের টেস্ট সিলেটে ১৬ মে থেকে। 

চব্বিশে নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, লিটন দাসরা যা করে দেখিয়েছেন তা করতে পারেনি বাংলাদেশের ইতিহাসে আগে কেউ। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট খেলা শুরু ২০০২ সাল থেকে। অথচ ২০২৪ এর আগ পর্যন্ত ১৩ টেস্টে বাংলাদেশ কোনো জয় তো পায়নি, ড্র করতে পেরেছিল মাত্র একটি। পরাজয়ের মিছিল লেগেই ছিল। অথচ সেই দলটাই সময়ের ব্যবধানে এখন কতটা প্রতিশ্রুতিবদ্ধ।

পাকিস্তান সফর করে বাংলাদেশ রাওয়ালপিণ্ডিতে দুইটি ম্যাচ খেলে। দুটিতেই জয় পায় বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে গিয়ে পাকিস্তানকে হারানো, বাংলাদেশের জন্য ছিল অনন্য, অসাধারণ, অকল্পনীয় সাফল্য। পিণ্ডিতে পাওয়া সেই সাফল্যের স্বাদ নিশ্চিতভাবে এখনো ভোলেননি ক্রিকেটপ্রেমিরা। বাংলাদেশ নতুন করে শুরু করতে চাইলেও পিণ্ডির আত্মবিশ্বাসই দিচ্ছে জ্বালানি।

মঙ্গলবার সকালে বাংলাদেশ ও দুপুরে পাকিস্তান অনুশীলন করে মিরপুরে। প্রাণবন্ত অনুশীলনে দুই দলই সারছেন নিজেদের শেষ প্রস্তুতি। উইকেট কেমন হবে তা নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে। উইকেটে এখনও সবুজাভ। ঘাস রয়েছে। দুদিন উইকেট আরো পরিপর্যা করা হবে। এরপরই বোঝা যাবে বাংলাদেশ কেমন উইকেট পাকিস্তানকে অফার করছে। স্পিন কিংবা পেস দুই দলই প্রস্তুতি নিয়েছে ভালোমতো। স্কোয়াড তারই প্রমাণ দেয়। চারজন করে পেস বোলার রেখেছে দুই দলই। আছে দুজনের বেশি স্পিনার।

পিএসএল শেষে গতকাল রাত ১টার পর বাংলাদেশে এসে পৌঁছান বাবর আজম। আজ দুপুরে অনুশীলনে দেখা যায় তাকে। পিএসএল দারুণ কেটেছে তার। পেশোয়ার জালমির অধিনায়ক হয়ে জিতেছেন শিরোপা। সঙ্গে দুই সেঞ্চুরি ও তিন হাফ সেঞ্চুরিতে ১১ ম্যাচে ৫৮৮ রান করেছেন। গড় ছিল ৭৩.৫০। বাংলাদেশের বিপক্ষে টেস্টে তার রেকর্ড একেবারে খারাপ নয়। ৮ ইনিংসে ৩০৬ রান করেছেন ৪৩.৭১ গড়ে। ১টি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি রয়েছে। যে ফর্ম নিয়ে বাংলাদেশে এসেছেন তা ভয়ের কারণ। তবে বাংলাদেশের জন্য সব হুমকি গুড়িয়ে দিতে পারেন এক নাহিদ রানাই। যার গতি ও সুইং নিয়ে হচ্ছে চর্চা। 

দুই বছর আগে রাওয়ালপিণ্ডিতে নাহিদ উড়িয়েছিলেন বিজয়ের পতাকা। সময়ের সঙ্গে নাহিদ হয়ে উঠেছেন আরো পরিণত, আরো ধারাল। পিণ্ডির আত্মবিশ্বাসে জ্বলে উঠার প্রত্যাশাই সবার। 

ঢাকা/ইয়াসিন/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়