আসামি প্রবাসে, ভাড়া করা যুবক জামিন নিতে এসে গ্রেপ্তার
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গ্রেপ্তার মো. শাহজাহান।
কক্সবাজারে মামলার আসামি প্রবাসে অবস্থান করে তার পরিবর্তে ‘ভাড়া করা’ এক যুবক জামিন নিতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার (৫ মে) কক্সবাজার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তি কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকার মো. ইউনূসের ছেলে মো. শাহজাহান।
আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালে কক্সবাজার সদরের ভারুয়াখালী চৌধুরীপাড়া এলাকায় জায়গা-জমি দখল ও হামলার ঘটনায় মো. মোফাজ্জেল হোসাইন বাদী হয়ে মামলা করেন। মামলার অন্যতম আসামি মো. মামুন কৌশলে বিদেশে পালিয়ে যায়। ওই মামলায় জামিন নিতে আদালতে হাজির হন শাহজাহান। তবে তার আচরণে সন্দেহ হলে বিষয়টি আদালতের নজরে আসে। পরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইরফানুল হক চৌধুরী তাৎক্ষণিকভাবে তাকে আটক করার নির্দেশ দেন।
কক্সবাজার আদালতের আইনজীবী শওকত বেলাল বলেন, “অন্যের দায় কাঁধে নিয়ে জামিন নিতে আসা শাহজাহানকেই কারাগারের পথে যেতে হয়েছে। প্রবাসে থাকা আসামি হয়ত ভেবেছিলেন অর্থের বিনিময়ে সবকিছুই সম্ভব। কিন্তু শেষ পর্যন্ত আইনের চোখ ফাঁকি দেওয়া যায়নি।”
ঢাকা/তারেকুর/বকুল
প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ