ঢাকা     মঙ্গলবার   ০৫ মে ২০২৬ ||  বৈশাখ ২২ ১৪৩৩ || ১৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সুন্দরবনে পর্যটকদের উপর হামলা ও ডাকাতির চেষ্টার ঘটনায় দুজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০২, ৫ মে ২০২৬   আপডেট: ২০:০৪, ৫ মে ২০২৬
সুন্দরবনে পর্যটকদের উপর হামলা ও ডাকাতির চেষ্টার ঘটনায় দুজন গ্রেপ্তার

সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনার দাকোপের ঢাংমারী এলাকায় পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টাকালে দুই দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (৪ মে) বিকালে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড সদস্যরা তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন রাজন সরদার (২৫) ও রতন সরদার (১৪)। আজ মঙ্গলবার কোস্টগার্ড বিষয়টি নিশ্চিত করেছে।

কোস্ট গার্ড সূত্র জানায়, গত ৩ মে আনুমানিক রাত ৪টার দিকে ঢাংমারী খালসংলগ্ন ‘সুন্দরী ইকো রিসোর্ট’-এ একদল দুষ্কৃতকারী জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। রিসোর্টে অবস্থানরত পর্যটকদের ওপর হামলা ও লুটপাট করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। তবে রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে ধাওয়া করলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরে রিসোর্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিষয়টি কোস্ট গার্ডকে অবহিত করে।

অভিযোগ পাওয়ার পর কোস্ট গার্ড ছায়া তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে ৪ মে বিকালে অভিযান চালিয়ে রাজন ও রতন সরদারকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ড-এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘‘গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে সুন্দরবন সংলগ্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।’’

তিনি আরও উল্লেখ করেন, উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সুন্দরবনে পর্যটন কেন্দ্রে নিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টায় প্রশাসনের কঠোর অবস্থান পর্যটকদের মাঝে স্বস্তি ফিরিয়ে আনবে বলেও আশা করেন তিনি। 

ঢাকা/নূরুজ্জামান//

সর্বশেষ

পাঠকপ্রিয়