ঢাকা     মঙ্গলবার   ০৫ মে ২০২৬ ||  বৈশাখ ২২ ১৪৩৩ || ১৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরায় আম সংগ্রহ কার্যক্রম শুরু

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩১, ৫ মে ২০২৬   আপডেট: ১৪:৩২, ৫ মে ২০২৬
সাতক্ষীরায় আম সংগ্রহ কার্যক্রম শুরু

সাতক্ষীরার বাগান থেকে আম সংগ্রহ কার্যক্রম মঙ্গলবার থেকে শুরু হয়েছে।

সাতক্ষীরায় শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ কার্যক্রম। নির্ধারিত সময় মেনে গাছ থেকে আম পাড়া ও গুণগত মান বজায় রেখে বাজারজাত নিশ্চিত করতে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এ কার্যক্রম শুরু করেছে।

মঙ্গলবার (৫ মে) সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের আমচাষি আবু সাইদের বাগানে এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) বিষ্ণুপদ পাল।

আরো পড়ুন:

ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী, ৫ মে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোপালখাস ও বৈশাখীসহ স্থানীয় জাতের আম পাড়া হবে। ১৫ মে থেকে হিমসাগর ও খিরসাপাত এবং ২৭ মে থেকে ল্যাংড়া আম পাড়া যাবে। ৫ জুন আম্রপালি আম সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়েছে।

আম সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত। আরো  উপস্থিত ছিলেন- জেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, জেলা প্রশাসনের প্রতিনিধিরা, স্থানীয় জনপ্রতিনিধি এবং আম চাষিরা।

উদ্বোধনের পরপরই বাগানজুড়ে শুরু হয় আম পাড়ার ব্যস্ততা। চাষিদের কর্মচাঞ্চল্যে পুরো এলাকা প্রাণ ফিরে পায় এবং সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।

কৃষি বিভাগ জানায়, নির্ধারিত সময় মেনে আম সংগ্রহ শুরু হওয়ায় ফলের স্বাভাবিক পরিপক্বতা বজায় থাকবে, যা বাজারে সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে সহায়ক হবে। একই সঙ্গে অপরিপক্ব ও রাসায়নিকযুক্ত আম বাজারজাত ঠেকাতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠপর্যায়ে কঠোর নজরদারি চালাচ্ছে।

এদিকে, মৌসুম শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন আমচাষিরাও। তারা জানান, ভালো ফলন ও ন্যায্যমূল্য নিশ্চিত হলে চলতি মৌসুমে তাদের অর্থনৈতিক ক্ষতি অনেকটাই পুষিয়ে নেওয়া সম্ভব হবে।

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়