জায়ান্ট জার্মানির সামনে পাত্তা পাবে কি আইভরি কোস্ট
ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম
গ্রুপ ‘ই’-এর শীর্ষস্থান দখলের লড়াই। একদিকে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি, অন্যদিকে আত্মবিশ্বাসে টগবগ করা আইভরি কোস্ট। টরন্টোর বিএমও ফিল্ডে এই মহারণ শুধু তিন পয়েন্টের নয়, নকআউট পর্বের পথে নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত করারও লড়াই।
বিশ্বকাপের প্রথম ম্যাচেই নিজেদের সামর্থ্যের ঝলক দেখিয়েছে জার্মানি। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টের সবচেয়ে বড় জয় তুলে নিয়েছে নাগেলসমানের দল। কাই হাভার্টজের জোড়া গোল, জামাল মুসিয়ালা, নিকো শ্লোটারবেক, নাথানিয়েল ব্রাউন ও ডেনিজ উনদাভদের দুর্দান্ত পারফরম্যান্স বুঝিয়ে দিয়েছে, আক্রমণে কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে ডাই মানশাফট। শুধু তাই নয়, ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচ জিতে মাঠে নামছে তারা।
তবে জার্মানদের দুর্বলতাও আছে। সাম্প্রতিক সময়ে রক্ষণভাগ খুব একটা নিশ্চিন্ত করতে পারেনি। শেষ পাঁচ ম্যাচের চারটিতেই গোল হজম করেছে তারা। ফলে আক্রমণের ঝড় তুললেও পিছনের সারি নিয়ে বেশ সতর্ক জার্মান বস।
অন্যদিকে, আইভরি কোস্ট এসেছে দারুণ আত্মবিশ্বাস নিয়ে। প্রথম ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে আফ্রিকার প্রতিনিধিরা। ম্যাচের শেষ মুহূর্তে দুর্দান্ত গোল করে তাদের জয় এনে দেন আমাদ ডিয়ালো। জয়ের ধারাবাহিকতায় টানা পঞ্চম জয়ের স্বপ্ন দেখছে এমার্স ফায়ের দল। দুই সপ্তাহ আগেই তারা প্রীতি ম্যাচে ফ্রান্সকেও হারিয়েছে।
আফ্রিকান দলটির সবচেয়ে বড় শক্তি তাদের লড়াকু মানসিকতা ও গতিময় আক্রমণভাগ। আমাদ ডিয়ালো, বাজৌমানা তোরে এবং তরুণ ইয়ান দিয়োমান্দে যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। বিশেষ করে দিয়োমান্দের অলরাউন্ড পারফরম্যান্স ইতোমধ্যেই বিশ্বকাপের অন্যতম আলোচিত বিষয়।
কাগজে-কলমে জার্মানি ফেভারিট। কিন্তু আত্মবিশ্বাসী আইভরি কোস্টকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। একদিকে ইউরোপের ফুটবল শক্তি, অন্যদিকে আফ্রিকার দুর্দমনীয় স্পৃহা। তাই টরন্টোর রাতটা হতে যাচ্ছে উত্তেজনা, গতি আর নাটকীয়তায় ভরা এক স্মরণীয় ফুটবল যুদ্ধ।
ঢাকা/নাভিদ
আবারো হরমুজ প্রণালি বন্ধ