রংপুরে নিখোঁজের একদিন পর পাট ক্ষেতে মিললো সানজিদার মরদেহ
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রংপুরের তারাগঞ্জে নিখোঁজের একদিন পর সানজিদা নামে এক দ্বিতীয় শ্রেণী পড়ুয়া শিক্ষার্থীর চোখ দাবানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) দুপুর দুইটার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর কোরানীপাড়া গ্রামের এক পাট ক্ষেত থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সানজিদা ওই গ্রামের সাইদুল ইসলামের মেয়ে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (১৯ জুন) দুপুর থেকে সানজিদাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার পরিবার সন্ধ্যা পর্যন্ত আত্মীয়-স্বজন প্রতিবেশীদের বাড়িতে খোঁজ করে। তাকে না পেয়ে রাতে মাইকিংও করা হয় এলাকাজুড়ে। আজ শনিবার বেলা ১১ টায় মাঠে কাজ করতে গিয়ে কয়েকজন কৃষক নিহতের বাড়ির ২০০ মিটার দূরে ডালিয়া সেচ ক্যানেলের ধারে থাকা পাট ক্ষেতে সানজিদার লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ বেলা দুইটার দিকে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি ) রুহুল আমিন বলেন, “নিহত শিশুর দুটি চোখই দাবানো ছিল। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
ঢাকা/আমিরুল/এবি
হাম উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু