ড্রেসম্যান লিমিটেডে ফের শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি ২২
গাজীপুর পূর্ব প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় অবস্থিত ড্রেসম্যান লিমিটেড পোশাক কারখানায় আবারও অনেক শ্রমিক শারীরিকভাবে অসুস্থ হয়েছেন।
শনিবার (২০ জুন) সকালে কাজ শুরু করার কিছুক্ষণের মধ্যেই একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়তে থাকেন। তাদের মধ্যে ২২ জনকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শ্রমিকদের অভিযোগ, আগের ঘটনার পর পানির বিষয়ে নানা আলোচনা থাকলেও শনিবার অনেকেই কারখানার পানি পান না করেই অসুস্থ হয়ে পড়েছেন। ফলে, অসুস্থ হওয়ার প্রকৃত কারণ নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
কারখানা সূত্র ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে নিয়মিত কর্মঘণ্টা অনুযায়ী শ্রমিকরা কাজে যোগ দেন। কিছু সময় পর কয়েকজন শ্রমিকের মাথা ঘোরা, বমি বমি ভাব, পেটে ব্যথা এবং হঠাৎ মাটিতে পড়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়। পরে একই ধরনের উপসর্গ আরও কয়েকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত অসুস্থ শ্রমিকদের হাসপাতালে পাঠানো হয়।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের পরামর্শে তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিদের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গেছে।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। বিশেষজ্ঞদের কেউ কেউ এটিকে ‘মাস সাইকোজেনিক ডিজিজ’ বা গণমনস্তাত্ত্বিক বলে ধারণা করছেন। তবে, অসুস্থতার সঙ্গে পানির কোনো সম্পর্ক আছে কি না, তা নিশ্চিত হতে কারখানার পানির নমুনা পরীক্ষার জন্য ঢাকার পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার একই কারখানায় শতাধিক শ্রমিক প্রায় একই ধরনের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসা শেষে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও শনিবার আবারও কয়েকজন শ্রমিকের মধ্যে অনুরূপ সমস্যা দেখা দেওয়ায় বিষয়টি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
ঢাকা/রফিক সরকার/রফিক
হাম উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু