ঢাকা     শনিবার   ২০ জুন ২০২৬ ||  আষাঢ় ৬ ১৪৩৩ || ৫ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে: ডা. শফিকুর

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৫, ২০ জুন ২০২৬  
আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে: ডা. শফিকুর

খুলনায় বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও  বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘‘আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে। দুনিয়ার বুকে স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হিসেবে সম্মান, ইজ্জত, শক্তি, সাহস নিয়ে মাথা তুলে দাঁড়ানোর জন্য হবে আগামীর বিপ্লব।’’ 

আরো পড়ুন:

সেই অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নেওয়ার জন্য যুবকদের প্রতি আহবান জানান তিনি। 

যুব সমাজের উদ্দেশ করে তিনি বলেন, ‘‘জুলাই বিপ্লবের মাধ্যমে আপনারা ফ্যাসিবাদ বিদায় করেছেন। এখন নব্য ফ্যাসিবাদকে বিদায় জানাতে প্রয়োজন হলে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন। শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, দলীয় প্রভাবমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য যুব সমাজের প্রস্তুত থাকতে হবে।’’  

শনিবার (২০ জুন) বিকেলে খুলনা সার্কিট হাউজ ময়দানে গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘবসহ বিভিন্ন দাবিতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের খুলনায় বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘‘বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি। আমরা বিএনপিকে বলছি, আপনারা ভুল করছেন, দেশ এবং জাতির স্বার্থে ভুল সংশোধন করে জনগণের কাতারে আসুন। জনরায়কে সম্মান করুন। জনরায়কে অসম্মান করার পরিণতি কী হতে পারে দফায় দফায় দেখার পরেও যদি শিক্ষা না হয়, জীবনেও আপনাদের শিক্ষা হবে না।’’ 

তিনি বলেন, ‘‘যদি ফয়সালা সংসদে না হয়, তাহলে যেখানে কথা বলতে মাননীয় স্পিকার বলতে হয় না, যেখানে কথা বলতে স্পিকারের অনুমোদন লাগে না; সেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, রংপুর. রাজশাহী, বগুনার মাঠ সব জায়গা থেকে আগ্নেয়গিরি তৈরি হবে। এই আগ্নেয়গিরির দাবানলে সমস্ত আবর্জনা পুড়ে ছারখার হয়ে যাবে।’’

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘‘শত যন্ত্রণা বুকে নিয়ে নির্বাচনের ফলাফল আমরা মেনে নিয়েছি। দেশে একটা গৃহযুদ্ধ শুরু না হোক সেই জন্য আমরা মেনে নিয়েছি।’’

তিনি বলেন, ‘‘সরকারকে স্পষ্ট বলে দিচ্ছি, যদি এই দেশবাসী এবং আমরা দেখতে পাই, আধিপত্যবাদের সামনে আপনারা মাথা নত করছেন, আপনাদেরও আমরা ছেড়ে কথা বলব না। সাবধান, ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত আজ প্রস্তুত।’’ 

বিরোধীদলীয় নেতা বলেন, ‘‘সীমান্তে সুড়সুড়ি দেওয়া হচ্ছে। পুশইনের নামে একটা দেশ তাদের নাগরিকদের অবৈধভাবে আমাদের দেশে ঠেলে দিতে চাচ্ছে। আমরা চাই না, কোনো প্রতিবেশী আমাদের দিকে তাদের কালো হাত বাড়াক। যদি কেউ আমাদের দিকে কালো হাত বাড়ায়, মহান আল্লাহর ওপর ভরসা রেখে বলছি, সেই কালো হাত ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ।’’ 

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে খুলনা বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির সাখাওয়াত হোসাইন, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান। 

সভাপতির বক্তৃতায় মিয়া গোলাম পরওয়ার বলেন, ১১ দলীয় জোটের খুলনা বিভাগীয় সমাবেশের মূল উদ্দেশ্য গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তার পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা। নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কার ও ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ক্ষমতায় যাওয়ার পর সরকার তা থেকে সরে এসেছে। গণভোটে জনগণ যে সংস্কার প্রস্তাবের পক্ষে মত দিয়েছে, তা বাস্তবায়নে সরকার অনীহা দেখাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। 

বিশেষ অতিথির বক্তৃতায় অলি আহমদ বলেন, এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যেখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠী ক্ষমতা কুক্ষিগত করতে না পারে। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত হয়।

দুপুর ২টার দিকে সমাবেশের কাজ শুরু হয়। খুলনা বিভাগের ১০ জেলা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা থেকে মানুষ সমাবেশস্থলে আসতে থাকে। নির্ধারিত সময়ের আগে সার্কিট হাউজ মাঠসহ আশপাশের সব সড়ক ও অলিগলি কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

ঢাকা/নুরুজ্জামান/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়