খুলনায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
খুলনার রূপসায় বিদেশি পিস্তলসহ যুবককে গ্রেপ্তার করা হয়।
খুলনার রূপসায় বিদেশি পিস্তলসহ সুলতান মাহমুদ বাপ্পা (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) রাতে উপজেলার নৈহাটি ইউনিয়নের জহিরের বটতলা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর এ তথ্য জানিয়েছেন। গ্রেপ্তার বাপ্পা গোপালগঞ্জের সদর উপজেলার বেতগ্রাম উত্তরপাড়া এলাকার শেখ হাফিজুর রহমানের ছেলে।
ওসি আব্দুর রাজ্জাক মীর বলেন, বাপ্পা তার শ্বশুরবাড়ি খুলনার রূপসার নৈহাটি ইউনিয়নের জহিরের বটতলা এলাকায় আসেন। সেখানে স্ত্রী নাজিফা ইসলামের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শ্বশুর রফিকুল ইসলাম বিষয়টি জানতে চাইলে বাপ্পা তার কাছে থাকা পিস্তল বের করে ভয়ভীতি দেখান ও হুমকি দেন। এ সময় বাড়ির সদস্যরা ও আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে অস্ত্রসহ ধরে রূপসা থানায় খবর দেয়। রূপসা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রূপসা থানার এসআই মশিউর রহমান বাদী হয়ে মামলা করেছেন।
শনিবার (২০ জুন) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকা/নুরুজ্জামান/বকুল
হাম উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু