আড়াইহাজারে ডাকাতদের হামলায় এসি-ল্যান্ডসহ আহত ৬
নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতদলের হামলায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনারসহ (এসি- ল্যান্ড) ৬ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত দেড়টার দিকে আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী বাজার এলাকায় এ হামলা হয়।
আহতরা হলেন- সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, মুকুল (৩৮), রাজিব (৩২), রুবেল (৩৬), ফারুক (৩২) এবং মুকুলের স্ত্রী ডালিয়া (৩৩)।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ধন্দী গ্রামের বাসিন্দা এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন ছুটিতে নিজ বাড়িতে এসেছিলেন। রাতে বিদ্যুৎ না থাকায় তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে রাস্তার পাশে বসে ছিলেন। এ সময় ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাতদল তাদের ওপর হামলা চালায়।
অভিযোগ রয়েছে, ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাদেরকে গুরুতর আহত করে। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা দ্রুত সরে যায়। পরে আহতদেরকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই ঘটনার প্রায় এক ঘণ্টা পর পার্শ্ববর্তী রাইনাদী-আতাদী এলাকার সুমন নামের এক ব্যক্তির বাড়িতে হানা দেয় একই ডাকাতদল। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে তারা নগদ ২ লাখ ৭০ হাজার টাকা এবং প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সবজেল হোসেন বলেছেন, “এ ঘটনার খবর পেয়ে আমি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে মামলা গ্রহণ করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/অনিক/রফিক
আবারো হরমুজ প্রণালি বন্ধ