ঢাকা     শনিবার   ২০ জুন ২০২৬ ||  আষাঢ় ৬ ১৪৩৩ || ৫ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

সালিশে মেজাজ হারান এমপি হানজালা, ভিডিও ভাইরাল

মাদারীপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৫, ২০ জুন ২০২৬   আপডেট: ২১:৫৩, ২০ জুন ২০২৬
সালিশে মেজাজ হারান এমপি হানজালা, ভিডিও ভাইরাল

মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালার একটি সালিশ বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রায় এক মিনিটের ওই ভিডিওতে তাকে উত্তেজিত হয়ে এক ব্যক্তিকে ধমক দিতে দেখা যায়।

ভাইরাল ভিডিওতে এমপিকে বলতে শোনা যায়, “কথা বললেন কেন? আপনারা এখানে কাউন্টার দিলেন কেন?” একপর্যায়ে তিনি টেবিল চাপড়ে বলেন, “এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব। চুপ করেন। আমি আসছি বিচার করার জন্য। কাউন্টার দিলে আমি দেব।” 

সালিশ বৈঠকে সংসদ সদস্যের এমন বক্তব্য ও আচরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, শিবচর উপজেলার দত্তপাড়া এলাকার তারা মিয়া নামে বিএনপির এক কর্মীকে এভাবে ধমক দেন এমপি হানজালা।

তারা মিয়া বলেছেন, “ঘটনাটি প্রায় এক মাস আগের। ওই সালিশ বৈঠকে ৫০০ থেকে ৬০০ মানুষ উপস্থিত ছিলেন। বিচার চলাকালে আমার সঙ্গে কথা-কাটাকাটি হয়।” 

তিনি বলেন, “এমপি সাহেব বিচারের মধ্যে অন্য কাউকে কথা বলার সুযোগ না দিয়ে একতরফাভাবে রায় দেওয়ার চেষ্টা করেন। আমি এর প্রতিবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।”

তারা মিয়া আরো বলেন, “যেখানে শত শত মানুষের উপস্থিতিতে সালিশ হয়, সেখানে বিচার নিয়ে পক্ষে-বিপক্ষে বিভিন্ন যুক্তি ও মতামত আসতেই পারে। একজন বিচারকের দায়িত্ব হলো সেসব কথা ধৈর্যসহকারে শোনা। তা না হলে সেটি জনসম্মুখের সালিশ না হয়ে ঘরোয়া বা একতরফা বিচার হয়ে যায়।”

স্থানীয় সূত্র জানিয়েছে, বৈঠকে বক্তব্য প্রদানকে কেন্দ্র করে একপর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে এমপি হানজালা মেজাজ হারান। এ সময় সালিশে উপস্থিত এক ব্যক্তি মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন। একপর্যায়ে ভিডিও ধারণ বন্ধ করার নির্দেশ দেওয়া হলে ভিডিওটি সেখানেই শেষ হয়ে যায়।

পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। এ ঘটনায় বিভিন্ন মহল থেকে নারা ধরনের প্রতিক্রিয়া আসছে।

মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ বলেন, “একজন নির্বাচিত জনপ্রতিনিধির কাছ থেকে আরো সংযত ও ধৈর্যশীল আচরণ প্রত্যাশিত। জনসম্মুখে এমন ভাষা ও আচরণ নেতিবাচক বার্তা দেয়।”

এ বিষয়ে বক্তব্য জানতে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালার ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে, এ ঘটনার বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঢাকা/বেলাল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়