কার্টুন দেখানোর প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ পলাতক
বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বরিশালের গৌরনদী উপজেলায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে তিন বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত বৃদ্ধ পলাতক রয়েছেন।
শনিবার (২০ জুন) বিকেলে ভুক্তভোগী শিশুর চাচি সাংবাদিকদের জানিয়েছেন, শিশুটিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে।
ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগ, শুক্রবার (১৯ জুন) বিকেলে প্রতিবেশী জালাল সিকদার তিন বছর ওই শিশুকে মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে নিজ বসতঘরের ভেতরে ডেকে নিয়ে ধর্ষণ করে। অভিযুক্ত ব্যক্তি একাধিক বিয়ে থাকলেও বর্তমানে তার ঘরে কোনো স্ত্রী নেই।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. তৌকির আহমেদ জানিয়েছেন, যৌনাঙ্গ ফোলা ও রক্তাক্ত অবস্থায় শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গৌরনদী মডেল থানার এসআই মো. ফিরোজ আলম বলেছেন, “খবর পেয়ে ওই রাতেই আমি গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলাম। ওই শিশুকে চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি।”
তিনি আরো বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অভিযুক্তকে বাড়িতে পাওয়া যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
ঢাকা/পলাশ/রফিক
আবারো হরমুজ প্রণালি বন্ধ