৬ মাঠে ১২ দল, একসঙ্গে শুরু হলো ‘ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগ’
কতো কিছুর প্রথমের সাক্ষী হয়ে গেল ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগ। প্রথমবারের মতো একসঙ্গে ঢাকা লিগের ১২ দল মাঠে নামল পৃথক ৬টি ভেনু্যতে। খেলা শুরু হয়েছে সকাল ৯টায়।
দেশের ৫০ ওভারের ক্রিকেটের একমাত্র প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার লিগ। নানা জটিলতায় লিগ হবে কিনা তা নিয়ে ছিল শঙ্কা। তামিম ইকবাল ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার পর ঢাকা লিগের আকাশ থেকে কালো মেঘ সরে যায়। লিগ পৃষ্ঠপোষকতা করতে এক বছর বিরতি গিয়ে ফিরে আসে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন। এর আগে ১৩ বছর ঢাকা লিগের সঙ্গে ছিল ওয়ালটন। পাওয়ার্ড স্পন্সর হিসেবে আছে বসুন্ধরা সিমেন্ট।
সোমবার সকালে বসুন্ধরা স্পোর্টস সিটি কমপ্লেক্স মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির সভাপতি রফিকুল ইসলাম বাবু, বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী ও ওয়ালটনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মিলটন আহমেদ। লিগের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড ও ঢাকা লেপার্ডসের ম্যাচ নিয়ে এই মাঠে শুরু হলো ঢাকা লিগ।
৬৬ ম্যাচের এই প্রতিযোগিতা হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে। মোট ৬৬ ম্যাচের প্রতিযোগিতা শেষ হবে ১১ জুন। সিঙ্গেল লিগ পদ্ধতিতে হবে এবারের লিগ। থাকবে না সুপার লিগ। পয়েন্ট তালিকার শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন। তলানির দুই দল নেমে যাবে প্রথম বিভাগ ক্রিকেট লিগে।
প্রথমবারের মতো বেশ কিছু উদ্যোগও নিয়েছে তামিমের বোর্ড। ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে বিসিবি এবার ৬টি মাঠে খেলোয়াড়দের খাবারের ব্যবস্থা করেছে। এছাড়াও এবারের লিগে থাকছে আইসিইউ অ্যাম্বুলেন্স। এছাড়াও দুর্নীতি দমন বিভাগের (এসিইউ) তৎপরতা ও বিভিন্ন নিয়ম-কানুন থাকবে বিপিএলের মতো করেই।
এবারের লিগের ম্যাচ হচ্ছে ছয়টি ভেন্যুতে। ভেন্যুগুলো হলো বিকেএসপি ৩ ও ৪ নম্বর মাঠ, ক্রিকেটার্স একাডেমি মাঠ, বসুন্ধরা স্পোর্টস সিটি মাঠ, পিকেএসপি ২ নম্বর মাঠ এবং ইউল্যাব বিশ্বিবদ্যালয় মাঠ।
৬ ম্যাচের ৪টিই আজ সরাসরি সম্প্রচার করা হবে। টি স্পোর্টসের চ্যানেলে দেখা যাবে আবাহনী ও ঢাকা লেপার্ডসের ম্যাচ। বিকেএসপির ৩ নম্বর মাঠ থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও সিটি ক্লাবের ম্যাচ সম্প্রচার করা হবে টি স্পোর্টসের ইউটিউব চ্যানেলে। একই চ্যানেলে পিকেএসপি থেকে সম্প্রচার করা হবে গুলশান ক্রিকেট ক্লাব ও বসুন্ধরা স্ট্রাইকার্সের ম্যাচ।
বিকেএসপির-৪ নম্বর মাঠে খেলবে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। টি স্পোর্টসের ইউটিউবেও দেখা যাবে এই ম্যাচ।
ঢাকা/ইয়াসিন