ঢাকা     বুধবার   ০৬ মে ২০২৬ ||  বৈশাখ ২৩ ১৪৩৩ || ১৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

লক্ষ্মীপুরে বানর নিয়ে হত্যা মামলার আসামি থানায়

লক্ষ্মীপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩২, ৬ মে ২০২৬   আপডেট: ০৯:৪৫, ৬ মে ২০২৬
লক্ষ্মীপুরে বানর নিয়ে হত্যা মামলার আসামি থানায়

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার অটোরিকশাচালক মো. রাজিব (১৪) হত্যা মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে চাঁদপুর সদরের ওয়্যারলেস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় গিয়াস উদ্দিনের পোষা বানরটিকেও থানায় নিয়ে এলে জনমনে কৌতূহলের সৃষ্টি হয়। 

গিয়াস উদ্দিন রায়পুরের চর আবাবিল ইউনিয়নের বাসিন্দা। তিনি প্রায় ৫ বছর ‘রাজ’ নামে ওই বানরটি লালন-পালন করে আসছিলেন। রাজ সবসময় তার সঙ্গেই থাকে।

অভিযোগ রয়েছে, গত শুক্রবার রাতে গিয়াস উদ্দিন হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে অটোরিকশাচালক রাজিবকে হত্যা করেন। এ ঘটনায় শনিবার রাতে নিহত রাজিবের বাবা মো. মোস্তফা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় গিয়াস উদ্দিনকে প্রধান আসামি করা হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন মিয়া বলেন, “গিয়াস উদ্দিন ঘটনার পর তার পোষা বানর রাজকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান। পরে তাকে বানরসহ গ্রেপ্তার করা হয়েছে। বানরটি কিছু সময় থানার হেফাজতে রাখা হয় এবং পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এদিকে, রাতে বানরটিকে থানায় আনার পর সেটি দেখতে কৌতূহলী মানুষের ভিড় জমে। বানরটি থানার ভেতরে ছোটাছুটি করতে থাকে, ফলে পুলিশ সদস্যদের বানর সামলাতে বেগ পেতে হয়। 

রায়পুর উপজেলা বন কর্মকর্তা চন্দন ভৌমিক জানান, বানরটি থানার কাছ থেকে বুঝে নেওয়া হয়েছে। ২ থেকে ৩ দিনের মধ্যে সেটিকে বিভাগীয় কার্যালয়ে পাঠানো হবে।

ঢাকা/লিটন 

সর্বশেষ

পাঠকপ্রিয়