ঢাকা     শুক্রবার   ০৮ মে ২০২৬ ||  বৈশাখ ২৫ ১৪৩৩ || ২১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ময়মনসিংহে জাল নোট চক্রের সদস্য দুই তরুণী আটক

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৭, ৮ মে ২০২৬  
ময়মনসিংহে জাল নোট চক্রের সদস্য দুই তরুণী আটক

ময়মনসিংহে জাল নোট চক্রের সদস্য দুই তরুণীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই দুই তরুণী ঈদ বাজারে ছড়ানোর জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে জাল নোট সংগ্রহ করছিলেন। তাদের কাছ ৬০ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার দুই তরুণী হলেন—ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি এলাকার জাফর আলীর মেয়ে পারুল বেগম (২৮) এবং নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল দক্ষিণ পাড়ার মৃত সিদ্দিক আলীর মেয়ে রুবি আক্তার (২৫)। দুজনই ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকায় ভাসমান হিসেবে বাস করছিলেন।

শুক্রবার (৮ মে) বেলা ৩টার দিকে জেলা পুলিশের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (৭ মে) বিকেলে নগরীর শম্ভুগঞ্চ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে ডিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অসাধু চক্র আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন কৌশলে জাল নোট তৈরী করে বাজারে ছড়িয়ে দিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর শম্ভুগঞ্জ এলাকা থেকে দুই তরুণীকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেছেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই তরুণী স্বীকার করেছেন যে, তারা জাল টাকার নোট ক্রয়-বিক্রয় চক্রের স‌ক্রিয় সদস্য। তারা ঈদুল আজহা উপলক্ষে বাজারে ছাড়ার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে জাল নোট সংগ্রহ করেছিলেন।”

গ্রেপ্তার রুবির নামে এর আগেও দুটি মামলা হয়েছে। দুই তরুণীর নামে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

ঢাকা/মিলন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়