ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নায়ক মান্না ও বিজয় থালাপতির ছবি ভাইরাল!

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪১, ৯ মে ২০২৬   আপডেট: ১৬:০৮, ৯ মে ২০২৬
নায়ক মান্না ও বিজয় থালাপতির ছবি ভাইরাল!

ঢাকাই সিনেমার গণমানুষের নায়ক মান্না এবং তামিল চলচ্চিত্রের বর্তমান মহাতারকা বিজয়কে একই ফ্রেমে দেখা গেছে একটি ভাইরাল ছবিতে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ছবিটি ঘিরে এখন ভক্তদের মধ্যে চলছে তুমুল আলোচনা, আবেগ আর নানা জল্পনা।

প্রায় দুই দশক আগের বলে দাবি করা ওই ছবিতে দেখা যায়, মান্নার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন আজকের দক্ষিণী সুপারস্টার বিজয়। ছবিটি প্রকাশের পর থেকেই দুই বাংলার চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে নস্টালজিয়া, বিস্ময় এবং কৌতূহল।

আরো পড়ুন:

তবে ভাইরাল হওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রশ্ন ওঠে ছবিটির সত্যতা নিয়ে। অনেকে ধারণা করছেন, এটি বাস্তব কোনো আলোকচিত্র নয়; বরং আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি কল্পিত ফ্রেম।

চলচ্চিত্র সংশ্লিষ্ট কয়েকজনের মতে, ছবিটি পুরোপুরি অবাস্তব বলেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ, ২০০৩ থেকে ২০০৫ সালের দিকে মান্নার বেশ কিছু আলোচিত সিনেমার পোস্ট-প্রোডাকশনের কাজ ভারতের চেন্নাইয়ের বিভিন্ন স্টুডিওতে সম্পন্ন হতো। বিশেষ করে প্রসাদ ল্যাব ও এভিএম স্টুডিওতে ‘বাস্তব’, ‘মিনিস্টার’ কিংবা ‘বীর সৈনিক’-এর মতো সিনেমার কাজ চলাকালে বিজয়ের সিনেমার কাজও একই সময়ে সেখানে চলছিল বলে জানা যায়। সেই সূত্রে দুই তারকার সৌজন্য সাক্ষাতের সম্ভাবনাও একেবারে নাকচ করছেন না অনেকে।

তবে এ বিষয়ে নিশ্চিত তথ্য দিতে পারেননি মান্নার স্ত্রী শেলী মান্না। তিনি গণমাধ্যমকে বলেন, “অনেক আগের কথা, ঠিক মনে নেই। তখন আমি চাকরি করতাম। বিজয়ের সঙ্গে তার দেখা হতেও পারে, কারণ বিভিন্ন অনুষ্ঠান ও কাজের জন্য তিনি প্রায়ই ভারতে যেতেন। তবে নিশ্চিত করে বলতে পারছি না।”

অন্যদিকে মান্নার ছেলে সিয়ামের দাবি করেছেন, ভাইরাল হওয়া ছবিটি এআই প্রযুক্তিতে তৈরি।

ছবিটি নিয়ে ভক্তদের আবেগঘন প্রতিক্রিয়াও নজর কাড়ছে। একজন ভক্ত লিখেছেন, “নায়ক মান্না ছিলেন সাধারণ মানুষের নায়ক। তার সিনেমায় সবসময় বাস্তব জীবনের প্রতিচ্ছবি ফুটে উঠত।” আরেকজনের মন্তব্য, “মান্না রাজনীতিতে যাননি বলেই হয়তো মানুষের হৃদয়ে তার সম্মান অটুট আছে।”

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, এত বছর পরেও মান্নাকে ঘিরে মানুষের এই আবেগই প্রমাণ করে তিনি শুধু একজন নায়ক ছিলেন না, ছিলেন সময়ের কণ্ঠস্বর। নব্বইয়ের দশকে যখন ঢাকাই সিনেমা নানা সংকটে দিশেহারা, তখন সামাজিক বাস্তবতা, প্রতিবাদ আর গণমানুষের গল্প নিয়ে নিজস্ব এক ধারা তৈরি করেছিলেন তিনি।

অন্যদিকে বিজয়ও তামিল সিনেমায় দীর্ঘদিন ধরে নিজেকে সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবেই তুলে ধরেছেন। সিনেমার পর্দা ছাড়িয়ে রাজনীতিতেও তার জনপ্রিয়তা এখন তুমুল আলোচিত।

দুই ভিন্ন দেশের, দুই ভিন্ন ইন্ডাস্ট্রির এই দুই তারকার ক্যারিয়ারে আশ্চর্য এক মিল খুঁজে পান ভক্তরা। একজন ছিলেন ঢালিউডের জনতার নায়ক, অন্যজন কলিউডের মানুষের তারকা। তাই ভাইরাল হওয়া এই ছবিটি বাস্তব হোক কিংবা এআই নির্মিত, অনেকের কাছেই এটি দুই প্রজন্মের দুই কিংবদন্তিকে এক ফ্রেমে দেখার এক আবেগঘন মুহূর্ত।

ঢাকা/রাহাত/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়