যমুনা সেতুতে ট্রাকে বাসের ধাক্কা, এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
যমুনা সেতুর ওপর দুর্ঘটনা কবলিত বাস
যমুনা সেতুতে যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি মালবাহী ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার ফলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় উত্তরবঙ্গগামী চালক ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। শনিবার (৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে যমুনা সেতুর ১৫ নং পিলার এলাকায় ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে বগুড়াগামী ‘রানী’ পরিবহনের একটি বাস যমুনা সেতু পার হওয়ার সময় সামনে থাকা একটি মালবাহী ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। ফলে বাসটির সামনের অংশ এবং ট্রাকের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই সেতুর ওপর যান চলাচল ধীরগতির হয়ে পড়ে এবং একপর্যায়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সেতুর দুই পাশে আটকে পড়ে শত শত বাস, ট্রাক ও ব্যক্তিগত যানবাহন। প্রচণ্ড গরমে বাসের ভেতর থাকা নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা দুর্ভোগে পড়েন। দুপুর সাড়ে ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম বলেন, “সেতু কর্তৃপক্ষ ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি সরিয়ে নেয়।”
তিনি বলেন, “দুর্ঘটনার পর উত্তরবঙ্গের লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। এক ঘণ্টা পরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। বেপরোয়া গতি কিংবা অসাবধানতাজনিত কারণে দুর্ঘটনাটি ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।”
ঢাকা/অদিত্য/মাসুদ
গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৯ শিশুর মৃত্যু