ইউক্রেনকে আগ্রাসী শক্তি বললেন পুতিন
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোর রেড স্কোয়ারে রাশিয়ার বিজয় দিবসের ভাষণে ইউক্রেনে তার যুদ্ধকে ন্যায্যতা দিয়েছেন এবং ন্যাটোর নিন্দা করেছেন।
শত শত সামরিক কর্মীর সামনে এবং কয়েকজন বিশ্বনেতাকে পাশে নিয়ে শনিবার (৯ মে) রুশ প্রেসিডেন্ট বলেন, তিনি একটি ‘ন্যায্য’ যুদ্ধ করছেন এবং ইউক্রেনকে একটি ‘আগ্রাসী শক্তি’ বলে অভিহিত করেন, যাকে ‘ন্যাটোর পুরো জোট অস্ত্রসজ্জিত ও সমর্থন করছে।’
৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়ন বিজয় অর্জিত হয়েছিল। এই দিনটিকে প্রতিবছর বিজয় দিবস হিসেবে উদযাপন করে রাশিয়া। প্রায় দুই দশকের মধ্যে এবারই প্রথম মস্কোর বিজয় দিবসের কুচকাওয়াজে কোনো সামরিক সরঞ্জাম দেখা যায়নি। তবে কড়া নিরাপত্তার মধ্যে সামরিক কর্মীরা দলে দলে রেড স্কোয়ার জুড়ে মার্চ করেছে।
জনতার উদ্দেশে ভাষণ দিতে গিয়ে পুতিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের সেনাদের আত্মত্যাগের কথা স্মরণ করে তার বক্তব্য শুরু করেন।
ইউক্রেন যুদ্ধের কথা উল্লেখ করে তিনি বলেন, “বিজয়ী প্রজন্মের মহান কীর্তি আজ বিশেষ সামরিক অভিযানের লক্ষ্য বাস্তবায়নকারী সৈন্যদের অনুপ্রাণিত করছে। তারা ন্যাটো জোটের সমগ্র অস্ত্র ও সমর্থনপুষ্ট এক আগ্রাসী শক্তির মোকাবেলা করছেন। এবং তা সত্ত্বেও, আমাদের বীরেরা এগিয়ে চলেছেন “
রুশ নেতা এরপর রাশিয়ার নাগরিকদের প্রশংসা করেন এবং যুদ্ধ প্রচেষ্টায় বিজ্ঞানী, উদ্ভাবক, সামরিক সংবাদদাতা, চিকিৎসক ও শিক্ষকসহ বিভিন্ন কর্মীদের অবদানের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, “সামরিক কৌশল যতই পরিবর্তিত হোক না কেন, দেশের ভবিষ্যৎ জনগণই নির্ধারণ করছে।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কো, লাওসের প্রেসিডেন্ট থংলুন সিসৌলিথ এবং মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম।
ঢাকা/শাহেদ
গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৯ শিশুর মৃত্যু