রংপুরে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে গণঅবস্থান
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রংপুরে বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধের দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে রংপুর মহানগর নাগরিক কমিটি।
রংপুরে বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধের দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে রংপুর মহানগর নাগরিক কমিটি। শনিবার (০৯ মে) সকাল থেকে নগরীর প্রেস ক্লাব চত্বরে অর্ধ-দিবসব্যাপী কর্মসূচিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।
কর্মসূচিতে অংশ নেওয়া নারী-পুরুষ, প্রবীণ নাগরিক, যুবকসহ নানা বয়সী মানুষ মাথায় লাল ফিতা বেঁধে প্রতিবাদ জানান। অনেককে হাতে লিফলেট ও প্রতিবাদী প্ল্যাকার্ড নিয়ে অবস্থান করতে দেখা যায়।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, জনমতের তোয়াক্কা না করে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) গ্রাহকদের ওপর জোর করে প্রিপেইড মিটার চাপিয়ে দিচ্ছে। অনেক বাসা বাড়িতে জোর করে এই মিটার স্থাপন করছে বলে অভিযোগ করেন তারা।
ব্যানারে ‘জনমতকে উপেক্ষা করে গ্রাহক শোষণ ও হয়রানির প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅবস্থান’ লেখা সম্বলিত স্লোগান টানানো হয়।
এ সময় বক্তারা দাবি করেন, প্রিপেইড মিটারের কারণে সাধারণ গ্রাহকদের অতিরিক্ত ভোগান্তি ও আর্থিক চাপ বাড়ছে। বিদ্যুৎ রিচার্জ, জরিমানা, সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা এবং অতিরিক্ত চার্জ আদায়ের অভিযোগ তুলে তারা এই কার্যক্রম বন্ধের দাবি জানান।
রংপুর মহানগর নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক মোজাহার আলীর সভাপতিত্বে কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরাও সংহতি প্রকাশ করেন। অবস্থান কর্মসূচির একপর্যায়ে প্রতিবাদী গণসংগীত পরিবেশন করা হয়। হারমোনিয়াম ও তবলার তালে শিল্পীরা প্রিপেইড মিটার বন্ধের নানা জনসচেতনতামূলক গান পরিবেশন করেন।
নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ বলেন , রংপুরে প্রিপেইড মিটার স্থাপন নিয়ে হাইকোর্টে রিট চলমান থাকলেও নেসকো তা উপেক্ষা করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, অনেক এলাকায় গ্রাহকদের ভয়ভীতি দেখিয়ে এবং নানা চাপ সৃষ্টি করে মিটার স্থাপন করা হচ্ছে, যা গ্রাহকসেবার নীতির পরিপন্থি।
অবিলম্বে প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধ না করলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন আন্দোলনকারীরা। প্রয়োজনে রংপুরে হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
প্রিপেইড মিটার স্থাপন বন্ধের গণঅবস্থান কর্মসূচির এই আন্দোলনে নাগরিক কমিটির নেতারা ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, সচেতন নগরবাসীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঢাকা/আমিরুল/বকুল
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী