হ্রদে পানি বাড়লেও কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রর ৪ ইউনিট বন্ধ
রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
গত কয়েকদিনের বৃষ্টিপাতে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেলেও এর কোনো প্রভাব পড়েনি কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনে। এখন পর্যন্ত প্রয়োজন অনুযায়ী পানি না থাকায় কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে চারটিই বন্ধ রয়েছে। সচল থাকা একমাত্র ইউনিটটি থেকে মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
সোমবার (৪ মে) কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান এ তথ্য জানান।
তিনি জানান, শুষ্ক মৌসুমে প্রতিবছরই কাপ্তাই লেকের পানির স্তর অনেক নিচে নেমে যায়। গত কয়েকদিনে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, তা হ্রদের পানির স্তর বৃদ্ধির জন্য প্রয়োজনের তুলনায় অত্যন্ত সামান্য। রুলকার্ভ (পানির পরিমাপের তালিকা) অনুযায়ী, বছরের এই সময়ে কাপ্তাই হ্রদে পানির স্তর ৮১.৪৩ এমএসএল (মিনস সি লেভেল) থাকার কথা। সোমবার সকাল ৯টা পর্যন্ত হ্রদে পানির স্তর রেকর্ড করা হয়েছে ৭৭.৯৮ এমএসএল। অর্থাৎ, রুলকার্ভ অনুযায়ী বর্তমানে হ্রদে পানির স্তর স্বাভাবিকের চেয়ে ৩.৪৫ এমএসএল কম রয়েছে।
বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীরা জানিয়েছেন, বর্তমানে শুধুমাত্র ২ নম্বর ইউনিটটি সচল রয়েছে, যা থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। পর্যাপ্ত বৃষ্টিপাত না হলে এবং হ্রদে পানির স্তর না বাড়লে বাকি ইউনিটগুলো চালু করা সম্ভব হবে না। পানির স্তর বৃদ্ধি পেলে পর্যায়ক্রমে অন্য ইউনিটগুলো উৎপাদনে ফিরবে বলে আশা করছেন তারা।
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটের মাধ্যমে ২৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।
ঢাকা/শংকর/মাসুদ