ঢাকা     সোমবার   ০৪ মে ২০২৬ ||  বৈশাখ ২১ ১৪৩৩ || ১৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ব্রির ডিজি নিয়োগ বাতিলের দাবিতে উত্তেজনা, প্রতিষ্ঠানে তালা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর ‎ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ৪ মে ২০২৬  
ব্রির ডিজি নিয়োগ বাতিলের দাবিতে উত্তেজনা, প্রতিষ্ঠানে তালা

‎গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিষ্ঠানের একটি অংশ নতুন ডিজিকে ফ্যাসিবাদের দোসর ও দুর্নীতিবাজ আখ্যা দিয়ে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু করেন এবং প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেন। অন্যদিকে, নিয়োগ প্রক্রিয়াকে সঠিক দাবি করে আরেকটি পক্ষ অবস্থান কর্মসূচি পালন করছেন। দুই পক্ষের মুখোমুখি অবস্থানে পুরো প্রতিষ্ঠানে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

সোমবার (৪ মে) সকাল থেকেই দুটি পক্ষ ব্যানার ও লোকবল নিয়ে মহাপরিচালক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন। এছাড়া, সকাল থেকে তারা ইনস্টিটিউটের বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে কর্মবিরতি পালন করছেন।

আরো পড়ুন:

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী সমিতির নির্বাচিত সহসভাপতি ড. এবিএম আনোয়ার উদ্দিন বলেন, “গত এক মাস আগে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে মহাপরিচালক পদ শূন্য হয়। গতকাল যাকে ডিজি নিয়োগ দেওয়া হয়েছে তিনি বিগত সরকারের আমলের সুবিধা ভোগী এবং দোসর। কুমিল্লায় দায়িত্বকালীন সময়ে তিনি দুর্নীতি জড়িয়ে পড়েন, এমন তথ্য প্রমাণ রয়েছে। এছাড়া, ফ্যাসিস্ট আমলে শোক দিবস পালনে তিনি নেতৃত্ব দিয়েছেন।” 

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক ‎ড. হাবিবুর রহমান মুকুল বলেন, “তার সঙ্গে আমার কোন ব্যক্তিগত বিরোধ নেই। এই প্রতিষ্ঠানেই কাজ করতেন কিন্তু সমস্যা আছে তিনি ফ্যাসিস্টের দোসর ছিল, যা তদন্ত রিপোর্টে প্রমাণিত। তিনি আওয়ামী লীগ আমলে সিনিয়রকে ডিঙ্গে ক্ষমতা খাটিয়ে পদ নিয়েছিল। তাকে ডিজি নিয়োগ দিয়েছে এই খবর শুনে ধান গবেষণা ইনস্টিটিউট এর সর্বস্তরের বিজ্ঞানী ও শ্রমিকরা বিক্ষোভ করছেন।”

এই নিয়োগ বাতিল না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং নতুন নিয়োগপ্রাপ্ত ডিজিকে ইনস্টিটিউটে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। 

তবে নতুন ডিজি আমিনুল ইসলামে পক্ষে বিক্ষোভকারীরা বলছেন, “আমরা গত মাসের বেতন পাইনি, ডিজি ছিল না এক মাস ধরে। এখন যেহেতু মন্ত্রণালয় থেকে ডিজি নিয়োগ দিয়েছে। এজন্য আমরা তাকে স্বাগতম জানানোর জন্য অবস্থান নিয়েছি। বিপরিত পাশে দাঁড়িয়ে যারা স্লোগান দিচ্ছে তারা দুর্নীতিবাজ।”

ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারী সমিতির সহ-সভাপতি আব্দুল মান্নান বলেন,“ আমরা গতকাল শুনতে পেয়েছি আমিনুল ইসলাম স্যারকে ডিজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত এক মাস আমাদের ডিজি ছিল না, এজন্য বেতন হয়নি। আমরা চাই দ্রুত সময়ে ডিজি তার চেয়ারে বসুক। তবে সকালে এসে দেখি একদল সন্ত্রাসী, চাঁদাবাজরা সমস্ত অফিসে তালা দিয়েছে। এসব তালা ভেঙ্গে কর্ম পরিবেশ ফিরিয়ে আনা হবে।” 

নতুন ডিজি আমিনুল ইসলাম বলেন, “আন্দোলন তো হওয়ার কথা নয়। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সেটাই আমাদেরকে মেনে নিতে হবে৷ এটির ব্যত্যয় ঘটলে সেটি প্রতিষ্ঠানের পরিপন্থি।”

ঢাকা/রেজাউল/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়