‘৩-৪ মাসের মধ্যে কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু’
সোমবার প্রেস ব্রিফিংয়ে কথা বলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।
আগামী তিন থেকে চার মাসের মধ্যেই কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।
সোমবার (৪ মে) জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের অংশ হিসেবে আয়োজিত সেশন শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, “দেশের বিভিন্ন জেলায় থাকা বিমানবন্দরগুলোর উন্নয়ন ও কার্যকর ব্যবহারের জন্য জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পর্যটন খাত এগিয়ে নিতে কক্সবাজার, কুয়াকাটা ও অন্যান্য সম্ভাবনাময় স্থানে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।”
১৪ বোয়িং কেনার চুক্তি, চালু হবে বন্ধ বিমানবন্দর
রশিদুজ্জামান মিল্লাত জানান, দেশের বিমান বহর আধুনিক করতে এরইমধ্যে ১৪টি বোয়িং বিমান কেনার চুক্তি করা হয়েছে। পাশাপাশি অব্যবহৃত ৮-৯টি বিমানবন্দর সংস্কার করে অভ্যন্তরীণ রুটে চালুর পরিকল্পনা রয়েছে।
মনপুরা হবে পর্যটন কেন্দ্র
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ভোলার মনপুরা দ্বীপকে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করা হবে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে।
পাইলট একাডেমি হবে বগুড়া-নীলফামারীতে
এভিয়েশন খাতে দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নতুন পাইলট তৈরির জন্য একাডেমি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বগুড়া ও নীলফামারীতে এ ধরনের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, “সরকারের পরিকল্পনা বাস্তবায়নে জেলা প্রশাসকেরা সক্রিয়ভাবে অংশ নেবেন এবং দেশের বিমান ও পর্যটন খাত নতুন গতি পাবে।”
ঢাকা/এএএম/ইভা