বাবরকে ছাড়া পাকিস্তান দল ঢাকায়
বাংলাদেশের বিপক্ষে দুইটি টেস্ট খেলতে রোববার ভোরে ঢাকায় পা রেখেছে পাকিস্তান ক্রিকেট দল। দুই ভাগে ভাগ হয়ে পাকিস্তানিরা বাংলাদেশে আসছেন।
আজ রোববার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল থাকায় প্রথম বহরে দলের সঙ্গে আসেননি দলের সেরা তারকা বাবর আজম। পেসার খুররাম শাহজাদও ফাইনালের জন্য পাকিস্তানে অবস্থান করছেন। আগামীকাল তারা বাংলাদেশে পৌঁছবেন। এছাড়া বাংলাদেশের পেস তারকা নাহিদ রানাও থাকবেন পিএসএল ফাইনালে। বাবর আজমদের সঙ্গেই তার ঢাকায় আসার কথা রয়েছে।
পাকিস্তানের এবারের স্কোয়াডে নতুন মুখ চার জন। প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন আব্দুল্লাহ ফাজাল, আজান আওয়াইস, আমাদ বাট ও মুহাম্মাদ গাজি ঘোরি। ফাজাল ও আজান প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন। এছাড়া গাজি ঘোরি বাংলাদেশের বিপক্ষে একটি ওয়ানডে খেলেছেন। আমাদ ২০২০ সালে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে ছিলেন। তবে খেলার সুযোগ হয়নি।
ফাজাল ও আজান প্রতিশ্রুতিশীল দুই ওপেনার। যাদেরকে ভবিষ্যতের তারকা হিসেবে বিবেচনা করা হচ্ছে। ফাজাল ২৫ প্রথম শ্রেণির ম্যাচে ৪ সেঞ্চুরিতে ৮২৮ রান করেছেন। আজান ৩৩ ম্যাচে ১০ সেঞ্চুরি করেছেন। বিস্ময়কর তার ব্যাটিং গড়। ৪১.৫৪ গড়ে রান তরেছেন ২৬৭৩।
ঘোরি এই দলের সেকেন্ড উইকেট কিপার ব্যাটসম্যান। এছাড়া পেসার আমাদ বাট ৬৪ ম্যাচে ২০৫ উইকেট পেয়েছেন। ব্যাটিংও পারেন তিনি। নামের পাশে ১ সেঞ্চুরি ও ১০ ফিফটি রয়েছে।
বাংলাদেশে আসার আগে করাচিতে একটি বিশেষ ক্যাম্প করেছে পাকিস্তান। ২৭ এপ্রিল সেই ক্যাম্প শুরু হয়। এই সিরিজে পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সাবেক উইকেটকিপার–ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। এছাড়া ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন আসাদ শফিক, বোলিং কোচের দায়িত্বে আছেন উমর গুল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও সিলেটে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে দুই দলের দুই টেস্ট। ৮ মে ঢাকায় প্রথম টেস্ট। ১৬ মে সিলেটে দ্বিতীয় ম্যাচ।
বাংলাদেশ ও পাকিস্তান সর্বশেষ টেস্ট খেলেছিল ২০২৪ সালে। রাওয়ালপিন্ডির সিরিজের দুটি ম্যাচেই জিতেছিল বাংলাদেশ। অথচ আগের ১৩ ম্যাচে বাংলাদেশ জয় তো পায়নি, ড্র করতে পেরেছিল মাত্র একটি।
টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে বাংলাদেশ দুইটি ম্যাচ খেলেছে। গত বছর শ্রীলঙ্কা সফরের দুই টেস্টের একটিতে ড্র করে। পরেরটিতে ইনিংস ব্যবধানে হেরে যায়। ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ৮ নম্বরে।
বাংলাদেশ সফরের পাকিস্তান দল: শান মাসুদ (অধিনায়ক), আব্দুল্লাহ ফাজাল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলি, ইমাম-উল-হাক, খুররাম শাহজাদ, মোহাম্মাদ আব্বাস, মোহাম্মাদ রিজওয়ান, মুহাম্মাদ গাজি ঘোরি, নোমান আলি, সাজিদ খান, সালমান আলি আগা, সাউদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি।
ঢাকা/ইয়াসিন