দিল্লিতে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ৯
কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম
আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটিতে বর্তমানে অনুসন্ধান তৎপরতা চালাচ্ছেন দমকলকর্মীরা
রবিবার ভোররাতে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দিল্লির বিবেক বিহার এলাকায় একটি আবাসিক বহুতল ভবনে। ভোরের দিকে যখন ভবনের বাসিন্দারা গভীর ঘুমে ছিলেন, ঠিক সেই সময়ই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত সাহায্যের জন্য এগিয়ে আসায় অনেককে সুরক্ষিতভাবে বের করে আনা সম্ভব হলেও বেশ কয়েকজন ভেতরে আটকে পড়েন।
ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বহুতল ভবনটির তিন তলা থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে দেন দমকলের সদস্যরা। কিন্তু আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে, প্রথমে তাদের বেশ হিমশিম খেতে হয়। দমকলের মোট ১৪টি ইঞ্জিন প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৬টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার আগে তারা জোরালো বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছিলেন। প্রাথমিক অনুমান অনুযায়ী, এসি বিস্ফোরণের ফলেই এই বিধ্বংসী আগুন লেগেছে এবং তা দ্রুত ছড়িয়ে পড়েছে। বর্তমানে দমকলকর্মীরা তল্লাশি চালাচ্ছেন যে ভেতরে আর কেউ আটকে রয়েছেন কি না।
ঢাকা/সুচরিতা/ফিরোজ