ঢাকা     রোববার   ০৩ মে ২০২৬ ||  বৈশাখ ২০ ১৪৩৩ || ১৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ক্ষমতাকে নিরঙ্কুশভাবে উপভোগ করতে চায় বিএনপি: আখতার হোসেন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৫, ৩ মে ২০২৬   আপডেট: ১৪:২৩, ৩ মে ২০২৬
ক্ষমতাকে নিরঙ্কুশভাবে উপভোগ করতে চায় বিএনপি: আখতার হোসেন

এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন জাতীয় কনভেনশনে বক্তব্য রাখছেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, বিএনপি ক্ষমতাকে নিরঙ্কুশভাবে উপভোগ করতে চায়। নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিত্বের ওপর যে দায়িত্ব অর্পিত হয়, সেটাকে ক্ষমতার দৃষ্টিতে দেখার যে মানসিকতা, সেখান থেকে তারা এখনো বের হতে পারেননি। 

রবিবার (৩ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির জাতীয় কনভেনশনে দেওয়া বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।

আরো পড়ুন:

এসময় তিনি বলেন, গণভোট হয়ে যাওয়ার পরে বিএনপি কোন বিষয়ে রাজি বা কোন বিষয়ে নারাজি সেটার মুখ্য বিষয় হতে পারে না। তারা বলছেন, চারটা কোশ্চেনের মধ্যে সাড়ে তিনটি কোশ্চেনে তাদের আপত্তি নাই। আধাটা কোশ্চেনে তাদের আপত্তি। 

আখতার হোসেন বলেন, আমরা পরিষ্কার হতে চাই, গণভোটের কোন আধাটার বিষয়ে আপনাদের আপত্তি ছিল। কারণ গণভোটের প্রশ্নগুলোতে খুবই স্পষ্ট করে বলা ছিল যে, একটা উচ্চকক্ষ হবে ভোটের পিআর অনুযায়ী। তত্ত্বাবধয়ক সরকার হবে নতুন একটা ফর্মুলা অনুযায়ী, আর সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ হবে একটা নিরপেক্ষ ভোটিংয়ের মধ্য দিয়ে, যে বিষয়গুলোতে আমরা সবাই একমত হয়েছিলাম।

এনসিপির সদস্য সচিব বলেন, ক্ষমতায় আসার আগে নির্বাচনের সময়টাতে আপনারা (বিএনপি) গণভোটে ‘হ্যাঁ’য়ের কথা বলেছিলেন। কারণ জানতেন যে, তখন গণভোটে যদি আপনারা ‘না’য়ের পক্ষে অবস্থান নিতেন, জনগণও আপনাদের বিপক্ষে চলে যেত। জনগণ আপনাদের এই অবস্থান পরিবর্তন গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

সংস্কার নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যের প্রসঙ্গত টেনে এনসিপি নেতা বলেন, তিনি (স্বরাষ্ট্রমন্ত্রী) বলেছেন ‘সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা হতে দেওয়া না হয়, সে কারণে জুলাই সনদে স্বাক্ষর করেছেন।’ তারা বারবার নোট অব ডিসেন্টের কথা বলছেন। কিন্তু ঐকমত্য কমিশনে যখন আমরা আলাপ করেছিলাম, তখন নোট অব ডিসেন্টের অর্থ এই ছিল যে, আমরা মূল সিদ্ধান্তকে মেনে নিলাম, যার একটা ভিন্ন মত রয়েছে। তিনি সে ভিন্ন মতটা উল্লেখ করে রাখলেন। নোট অব ডিসেন্টটা এখানে মুখ্য বিষয় নয়। রাজনৈতিক দলগুলো এবং ঐকমত্য কমিশন যে মূল সিদ্ধান্তে উপনীত হয়েছে, রাষ্ট্র পরিচালনায় সেটিই কার্যকর হবে। 

ঢাকা/রায়হান/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়