ঢাকা     সোমবার   ০৪ মে ২০২৬ ||  বৈশাখ ২১ ১৪৩৩ || ১৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আর্থিক সংকট নিয়ে রাহুল বললেন, আমি রাস্তার ভবঘুরে নই

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৪, ৪ মে ২০২৬   আপডেট: ১২:৪৯, ৪ মে ২০২৬
আর্থিক সংকট নিয়ে রাহুল বললেন, আমি রাস্তার ভবঘুরে নই

রাহুল রায়

‘আশিকি’খ্যাত বলিউড অভিনেতা রাহুল রায়। ২০২০ সালে কারগিলে শুটিং করার সময়ে স্ট্রোকে আক্রান্ত হন। এরপর দীর্ঘ সময় চিকিৎসা ও পুনর্বাসনের মধ্য দিয়ে যেতে হয়েছে এই তারকা অভিনেতাকে। 

সম্প্রতি বেশ কিছু রিলস ও ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে; তা দেখে অনেক ভক্ত তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এমনকি, কেউ কেউ দাবি করেন—আর্থিক সংকটে আছেন রাহুল। এসব বিষয় নিয়ে অন্তর্জালে বেশ চর্চা চলছে; অবশেষে নীরবতা ভাঙলেন এই তারকা। 

আরো পড়ুন:

গুজবের ইতি টেনে রাহুল রায় বলেন, “আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। এই বার্তাটি আমার হেটার্স, ট্রলার এবং ভুয়া ভিডিও নির্মাতাদের জন্য।”

রাহুল রায় নিরাপদে রয়েছেন—এ তথ্য স্মরণ করে এই অভিনেতা বলেন, “আমি নিরাপদে ও সুস্থ আছি। আমার বোন প্রিয়াঙ্কা ও দুলাভাই রোমেন সেন আমাকে খুব ভালোভাবে দেখাশোনা করছেন। আমি তাদের বাসায়ই থাকি। মাধেতে আমাদের সুন্দর একটি বাড়ি আছে। আমার জমজ ভাই রোহিত রায় কানাডায় থাকেন, কাজের চাপের কারণে গত ৯ বছর তার সঙ্গে দেখা হয় না।”

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও নিয়ে রাহুল রায় বলেন, “আমার জামাকাপড় আছে, জুতা আছে, খাবার আছে, গাড়ি আছে—আমি রাস্তার ভবঘুরে নই। ভুয়া ভিডিওগুলো সত্য নয়। আমার বোন ও দুলাভাই আমাকে সবকিছু দিয়েছেন। তাদের মানসিক শান্তি নষ্ট করবেন না; তারাই আমার সবকিছু।”

সাদামাটা জীবনযাপন করেন রাহুল রায়। এটা তার ব্যক্তিগত পছন্দ, আর্থিক সমস্যার কারণে নয়। বিষয়টি ব্যাখ্যা করে রাহুল রায় বলেন, “আমি সাধারণভাবে থাকতে ও পোশাক পরতে পছন্দ করি। এটা আমার ব্যক্তিগত পছন্দ। আমি বডিগার্ড রাখি না, এটাও আমার নিজের সিদ্ধান্ত। কখনো কখনো অটোতে চলাফেরা করি। কারণ এটা সহজ ও দ্রুত।”

রিলস বা মিউজিক ভিডিওতে কাজ করার সিদ্ধান্তের ব্যাপারে রাহুল রায় বলেন, “আমি যেসব রিলস কিংবা মিউজিক ভিডিওতে কাজ করেছি, তা সরল মনে করেছি; কোনো চালাকি বা বিশেষ উদ্দেশ্য নিয়ে নয়। আমি সবসময়ই মনে করি, কাজ আমার কাছে কাজ। অনেক দিন ভালো কাজের জন্য অপেক্ষা করেছি। কিন্তু সুযোগ আসেনি। তাই আমি বসে থেকে নিজেকে নষ্ট করতে পারি না।”

ভক্ত-অনুরাগীদের সতর্ক করে রাহুল রায় বলেন, “কেউ যদি ভিডিও বানিয়ে দাবি করে যে, তারা আমাকে সাহায্য করছে বা আমার জন্য অর্থ চাইছে, তাহলে দয়া করে বিশ্বাস করবেন না। আগে নির্ভরযোগ্য উৎস থেকে যাচাই করুন।”

আশাবাদ ব্যক্ত করে রাহুল রায় বলেন, “ভালো সিনেমা পেলে আমাকে আবারো চলচ্চিত্রে দেখতে পাবেন। ততদিন আমার বর্তমান কাজ দেখুন। আমি বেঁচে আছি।”

নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা রাহুল রায়। ‘আশিকি’ সিনেমায় অনু আগরওয়ালের বিপরীতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা লাভ করেন তিনি। ১৯৯০ সালে মুক্তি পায় সিনেমাটি। এরপর ‘গেম’, ‘নাসিব’, ‘ফির কাভি’, ‘জুনুন’, ‘জনম’, ‘স্বপ্নে সাজন কে’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন রাহুল। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আগ্রা’। ২০২৩ সালে মুক্তি পায় এটি।

*দ্য ফ্রি প্রেস জার্নাল অবলম্বনে

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়