ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়া সীমান্তে জনসাধারণকে সতর্ক করতে বিজিবির মাইকিং 

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৭, ৯ মে ২০২৬  
কুষ্টিয়া সীমান্তে জনসাধারণকে সতর্ক করতে বিজিবির মাইকিং 

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় জনসাধারণকে সতর্ক করতে মাইকিং করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৯ মে) দুপুরে সীমান্ত-সংলগ্ন বিভিন্ন গ্রামে এ সতর্কতামূলক প্রচার চালায় বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

আরো পড়ুন:

মাইকে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের উদ্দেশে বলা হয়, প্রতিদিন বিকেল ৫টার পর শূন্য লাইনের ভেতরে প্রবেশ থেকে বিরত থাকতে হবে। সীমান্ত-সংলগ্ন কৃষিজমিতে কাজ করা কিংবা গবাদিপশু চরানোর ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

বিজিবির পক্ষ থেকে আরো বলা হয়, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানাতে হবে। 

নির্ধারিত সময়ের পর কোনো বাংলাদেশি নাগরিক যেন সীমান্ত এলাকায় অবস্থান না করেন, সে বিষয়েও কঠোর নির্দেশনা জারি করা হয়েছে।

সীমান্ত দিয়ে পুশইন বা অবৈধ অনুপ্রবেশের কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বিজিবি ক্যাম্পে অবহিত করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সীমান্তবর্তী গ্রামগুলোর বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত পর্যবেক্ষণ ও খোঁজ-খবরও নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেছেন, “সীমান্তে জনসাধারণের উদ্দেশে মাইকিং করে সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া, অতিরিক্ত জনবল মোতায়েন ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।” 

তিনি বলেন, “এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক আছে।”

পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী সহিংসতা মূলত শহরকেন্দ্রিক হলেও সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত আছে।

ঢাকা/কাঞ্চন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়