ভুয়া ভেবে ভ্যাট পরিদর্শককে পিটিয়ে বেঁধে রাখল ব্যবসায়ী
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ভ্যাট পরিদর্শক সাইফুল ইসলামকে পিটিয়ে আহত করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভুয়া সন্দেহে ভ্যাট পরিদর্শক সাইফুল ইসলামকে পিটিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। শনিবার (৯ মে) দুপুর ২টার দিকে উপজেলার দুর্গারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সবুজ মিয়া নামে একজন আহত হয়।
পুলিশ জানায়, দুর্গারামপুর এলাকায় মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজে যান ভ্যাট পরিদর্শক সাইফুল ইসলাম। সেখানে তিনি নিজের ভিজিটিং কার্ড দেখিয়ে মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজের মালিক হাবিবুর রহমানের কাছে ভ্যাট সংশ্লিষ্ট কাগজপত্র দেখতে চান। সরকারি ছুটির দিন দায়িত্ব পালন করায় হাবিবুর রহমান ভ্যাট পরিদর্শককে ভুয়া সন্দেহ করে স্থানীয় লোক জড়ো করে। পরে তার মোবাইল ছিনিয়ে নেয় এবং বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। পরে লোকজন নিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় মো. সবুজ মিয়া নামে একজন এগিয়ে এসে বাধা দিলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন জানান, ভ্যাট পরিদর্শককে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/পলাশ/বকুল
মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ রবিবার