দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৭ শ্রমিকের পরিবার পেল অনুদান
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সড়ক দুর্ঘটনায় নিহত একজনের পরিবারের হাতে মঙ্গলবার রাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
কুমিল্লার দাউদকান্দিতে চাল বোঝাই ট্রাক উল্টে নিহত দিনাজপুর জেলার বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার ৭ শ্রমিকের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে এই সহায়তা প্রদান করা হয়। তার পক্ষে ছোট ভাই ও দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা মাস্টার নিহতদের বাড়িতে গিয়ে প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা করে নগদ অর্থ তুলে দেন।
আরো পড়ুন: দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, নিহত ৭
এসময় বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জোতবানী ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান খোকন, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মিঞা শিরন আলমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে নোয়াখালীগামী একটি চাল বোঝাই ট্রাকে করে ধান কাটার কাজে যোগ দিতে যাচ্ছিলেন ১৩ জন শ্রমিক। সোমবার মধ্যরাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই সাতজন নিহত এবং ছয়জন আহত হন। স্বল্প ভাড়ায় ট্রাকে করে এসব শ্রমিক কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে জানা গেছে।
নিহতদের মধ্যে চারজনের বাড়ি বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের নিশিবাপুর (ভাইগড়) গ্রামে। তারা হলেন- সুমন (২১), আবু হোসেন (২৯), আব্দুর রশিদ (৫৮) ও বিষু মিয়া (৩৪)। তিনজনের বাড়ি নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামে। তারা হলেন- আফজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০) ও সালেক (৪৫)।
একই গ্রামের একাধিক ব্যক্তির মৃত্যুতে বিরামপুর ও নবাবগঞ্জের গ্রাম দুটিতে নেমে এসেছে শোকের ছায়া। উপার্জনক্ষম সদস্যদের হঠাৎ মৃত্যুতে পরিবারগুলোতে চলছে শোকের মাতম। দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
ঢাকা/মোসলেম/মাসুদ