ঢাকা     রোববার   ৩১ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৭ ১৪৩৩ || ১৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ছুটি ফুরালো, কর্মস্থলে ফিরছে মানুষ 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৪, ৩১ মে ২০২৬  
ছুটি ফুরালো, কর্মস্থলে ফিরছে মানুষ 

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ। রবিবার সকালে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছবিটি তোলা

পবিত্র ঈদুল আজহার টানা সাত দিনের ছুটি শেষ হচ্ছে আজ। আগামীকাল সোমবার থেকে খুলছে অফিস-আদালত। ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে আবারো কর্মব্যস্ত জীবনে ফিরছেন তারা।

রবিবার (৩১ মে) সকাল থেকে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা যায়, চাঁদপুর, ভোলা, বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা লঞ্চে করে ঢাকায় ফিরছেন অনেকে। ঘাটজুড়ে ছিল ফিরতি যাত্রীদের ব্যস্ততা।

আরো পড়ুন:

সদরঘাটে কথা হয় ভোলা থেকে ফেরা বেসরকারি চাকরিজীবী রাকিব হোসেনের সঙ্গে। তিনি বলেন, “পরিবারের সঙ্গে ঈদের সময়টা খুব ভালো কেটেছে। ইচ্ছে ছিল আরো কয়েকদিন থাকার। কিন্তু কাল থেকে অফিস খোলা, তাই আজই ফিরতে হলো।"

চাঁদপুর থেকে আসা সুমাইয়া শিমু বলেন, “সারাবছর কাজের ব্যস্ততায় পরিবারের সঙ্গে খুব বেশি সময় কাটানো হয় না। ঈদের ছুটিতে সবাই মিলে অনেক সুন্দর সময় কেটেছে। এখন আবার ঢাকায় ফিরছি। বাবা-মাকে রেখে আসায় মনটা খারাপ হয়ে গেছে।”

চাঁদপুর থেকে ফেরা আরেক যাত্রী শাহিন মিয়া বলেন, “গ্রামে গেলে সময় খুব দ্রুত চলে যায়। আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা হয়েছে, অনেক আনন্দ করেছি। আরো থাকতে ইচ্ছে করছিল, কিন্তু কাজের কারণে ফিরতে হচ্ছে।”

এদিকে, ফিরতি যাত্রীদের ঘাটে যেনো কোন ভোগান্তি না হয় সে বিষয়ে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর ঢাকা নদী বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম-পরিচালক মো. মোবারক হোসেন। 

তিনি বলেন, “ছুটি শেষে মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করেছে। যাত্রীরা নিরাপদে বাড়ি গেছেন। তাদের ফিরে আসাও যেনো নিরাপদ হয়, সে বিষয়ে নানা পদক্ষেপ নিয়েছি।”

ঢাকা/এমএসবি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়