ঢাকা     রোববার   ৩১ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৭ ১৪৩৩ || ১৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সাফারি পার্কে দর্শনার্থীদের ঢল, ৩ দিনে আয় ৭ লাখ টাকার বেশি

গাজীপুর পূর্ব প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩১, ৩১ মে ২০২৬  
সাফারি পার্কে দর্শনার্থীদের ঢল, ৩ দিনে আয় ৭ লাখ টাকার বেশি

ঈদের ছুটিতে সাফারি পার্কে বেড়েছে দর্শনার্থীদের ভিড়

ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে গাজীপুর সাফারি পার্কে ছিল দর্শনার্থীদের ভিড়। পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে হাজারো মানুষ প্রতিদিন পার্কে ভিড় করছেন। এতে ঈদের প্রথম তিন দিনে প্রবেশ টিকিট বিক্রি করে পার্ক কর্তৃপক্ষের আয় হয়েছে ৭ লাখ টাকার বেশি।

ঈদের তৃতীয় দিন শনিবার (৩০ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত পার্কজুড়ে ছিল উৎসবের আমেজ। 

পার্ক সূত্রে জানা গেছে, শুধু শনিবারই প্রবেশ টিকিট বিক্রি করে প্রায় সাড়ে তিন লাখ টাকা আয় হয়েছে। আর ঈদের প্রথম তিন দিনে মোট টিকিট বিক্রির আয় দাঁড়িয়েছে প্রায় ৭ লাখ ২৫ হাজার টাকা।

জানা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো পার্ক এলাকা। দুপুরের পর ভিড় আরো বাড়তে থাকে। দর্শনার্থীদের নিরাপত্তা ও সেবাদানে বন বিভাগের কর্মীদের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশও দায়িত্ব পালন করছে।

দর্শনার্থীদের সবচেয়ে বেশি আকর্ষণ করছে কোর সাফারি জোন। বিশেষায়িত শীতাতপ নিয়ন্ত্রিত বাসে চড়ে উন্মুক্ত পরিবেশে ঘুরে বেড়ানো বাঘ, সিংহ, জিরাফ, জেব্রা, ভাল্লুক, ওয়াইল্ডবিস্ট, গয়াল ও বিভিন্ন প্রজাতির হরিণ কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন তারা। পথে বানরের দলও দর্শনার্থীদের নজর কাড়ছে।

এছাড়া, পার্কের বিভিন্ন অংশে রয়েছে রঙিন ম্যাকাওসহ নানা প্রজাতির দেশি-বিদেশি পাখি, প্রজাপতি উদ্যান, মাছের অ্যাকুয়ারিয়াম, ময়ূর অভয়ারণ্য, হাতি, জলহস্তী, কুমির, ইমু ও বিরল প্রজাতির শকুনসহ নানা প্রাণী। দর্শনার্থীদের জন্য ঝুলন্ত সেতু ও প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রও বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে।

পার্কে ঘুরতে আসা পোশাকশ্রমিক আতিক জানান, ঈদের ছুটিতে বাড়ি যেতে না পারলেও পরিবারের সঙ্গে সময় কাটাতে সাফারি পার্কে এসেছেন। বাঘ ও সিংহকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা তাকে দারুণভাবে মুগ্ধ করেছে।

কলেজছাত্রী মারিয়া বলেন, “প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটানোর জন্য সাফারি পার্ক অন্যতম পছন্দের স্থান। এখানে একসঙ্গে এত বৈচিত্র্যময় প্রাণী দেখার সুযোগ অন্য কোথাও সহজে মেলে না।”

স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হকের মতে, ঈদ ও বিভিন্ন সরকারি ছুটিতে পার্কে আগত দর্শনার্থীদের কারণে আশপাশের ব্যবসা-বাণিজ্যও চাঙ্গা হয়ে ওঠে। এতে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান বলেন, “ঈদের ছুটিতে দর্শনার্থীদের চাপ সামাল দিতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ছুটির অবশিষ্ট দিনগুলোতেও দর্শনার্থীদের উপস্থিতি একইভাবে অব্যাহত থাকবে বলে আশা করছি।” 

ঢাকা/রফিক/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়