ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের ‘সময় নেই’: জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইরানের যুদ্ধের কারণে মার্কিন শান্তি আলোচনাকারীদের কাছে ‘ইউক্রেনের জন্য কোনো সময় নেই’। একই সঙ্গে তিনি মার্কিন অস্ত্র সরবরাহে ব্যাঘাত ঘটার বিষয়েও হতাশা প্রকাশ করেছেন। খবর রোয়া নিউজের।
মঙ্গলবার (১৪ এপ্রিল) জার্মান টেলিভেশন জেডডিএফ-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এসব মন্তব্য করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার- যারা রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ বন্ধের আলোচনায় মধ্যস্থতা করতে সাহায্য করেছেন- তারা বর্তমানে ‘ইরানের সঙ্গে নিরন্তর আলোচনায়’ ব্যস্ত রয়েছেন।
জেলেনস্কি সতর্ক করে দিয়ে বলেন, “যুক্তরাষ্ট্র যদি রুশ প্রেসিডেন্ট পুতিনের ওপর চাপ সৃষ্টি না করে এবং রাশিয়ার সঙ্গে কেবল মৃদু সংলাপে লিপ্ত থাকে, তাহলে তারা (রাশিয়া) আর ভয় পাবে না।”
২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউরোপের এই ভয়াবহতম সংঘাত (দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর) বন্ধে মার্কিন নেতৃত্বাধীন আলোচনা স্থবির হয়ে পড়েছে। ফেব্রুয়ারিতে জেনেভায় শেষবার বৈঠকের পর রুশ ও ইউক্রেনীয় আলোচনাকারীরা আর কোনো সাক্ষাৎ করেননি।
জেলেনস্কি জানান, ইউক্রেনে মার্কিন অস্ত্র সরবরাহের বিষয়টি এখন একটি ‘বড় সমস্যায়’ পরিণত হয়েছে। তিনি বলেন, “যুদ্ধ চলতে থাকলে ইউক্রেনের জন্য অস্ত্রের সরবরাহ কমে যাবে। এটি খুবই সংকটাপন্ন পরিস্থিতি, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপকরণের ক্ষেত্রে।”
নরওয়ে সফরের সময় এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি পরবর্তীতে বলেন যে, এটি বিশেষ করে প্যাক-৩ এবং প্যাক-২ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের জন্য একটি বড় সমস্যা।
তিনি জানান, এগুলো মূলত পিইউআরএল প্রোগ্রামের মাধ্যমে কেনা হয়েছিল, যা গত বছর চালু হয় এবং এর মাধ্যমে ইউরোপীয় দেশগুলোর অর্থায়নে ইউক্রেন মার্কিন সরঞ্জাম হাতে পায়।
জেলেনস্কি বলেন, “মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর একেবারে প্রথম দিকেই আমরা বুঝতে পেরেছিলাম যে আমাদের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হতে পারে।” তিনি উল্লেখ করেন যে, সরবরাহগুলো ‘ধীরগতিতে’ আসছে এবং এটি তাদের জন্য একটি ‘খুবই কঠিন পরিস্থিতি’।
নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গাহর স্টোরের পাশে দাঁড়িয়ে জেলেনস্কি এই মন্তব্য করেন। দুই নেতা ঘোষণা করেন যে, তারা ‘উন্নত প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার বিষয়ে একটি যৌথ ঘোষণা’ স্বাক্ষর করেছেন।
নরওয়ে সরকার এক বিবৃতিতে জানিয়েছে, নরওয়েজিয়ান এবং ইউক্রেনীয় প্রতিরক্ষা শিল্প আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় এবং এখন থেকে ‘নরওয়েতে ইউক্রেনীয় ড্রোন তৈরি করা হবে’।
এর আগে মঙ্গলবার, জেলেনস্কি বার্লিনে একটি সরকারি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন, যেখানে তারা চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ এবং গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধ (যা এখন পঞ্চম বছরে পদার্পণ করেছে) নিয়ে আলোচনা করেন।
দুই দেশ প্রতিরক্ষা কেন্দ্রিক একটি কৌশলগত অংশীদারিত্বের ঘোষণাও দিয়েছে।
ঢাকা/ফিরোজ