১০ টাকার দ্বন্দ্বে চাচিকে হত্যা
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পাওনা ১০ টাকা নিয়ে দ্বন্দ্বে ভাতিজার ছুরিকাঘাতে আয়েশা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মো. তৌহিদকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে।
নিহত আয়েশা একই গ্রামের মো. তারা মিয়ার স্ত্রী। গ্রেপ্তার তৌহিদ গ্রামের লাল মাহমুদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত আয়েশা গ্রেপ্তার তৌহিদের চাচি। তৌহিদ আয়েশার ছেলে আশিকের কাছে ১০ টাকা পেত। বিকেলে তৌহিদ ধারের ১০ টাকা টাকা ফেরত চায় আশিকের কাছে। তখন আশিক টাকা দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে দুইজনের মধ্যে কাটাকাটিতে ও পরে মারামারি শুরু হয়। আশিকের মা এগিয়ে গেলে তৌহিদ তাকে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই আয়েশা মারা যান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সায়েফ বলেন, “১০ টাকা নিয়ে দ্বন্দ্বে ভাতিজার ছুরিকাঘাতে চাচি আয়েশা খাতুন মারা গেছেন। এ ঘটনায় অভিযুক্ত তৌহিদকে আটক করা করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ঢাকা/মিলন/মাসুদ