খুলনায় বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
খুলনায় বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৮টার দিকে নগরীর দৌলতপুর থানার রেলিগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক বাস ও বাসচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রয়েল পরিবহনের একটি বাস ফুলবাড়িগেট থেকে খুলনার দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে খুলনা থেকে ফুলবাড়িগেটগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়।
নিহতদের মধ্যে পুরুষের নাম মো. তানভীর হাসান শেখ (৩২)। তিনি নগরীর বয়রা এলাকার বাসিন্দা। তবে নিহত নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা/নুরুজ্জামান/ইভা