দ্বন্দ্বে বন্ধ শুটিং: রাম চরণ-জাহ্নবীর সিনেমার মুক্তি নিয়ে অনিশ্চয়তা
ভারতের দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা রাম চরণের পরবর্তী সিনেমা ‘পেদ্দি’। স্পোর্টস-ড্রামা ঘরানার এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। এটি পরিচালনা করছেন বুচি বাবু সানা।
‘পেদ্দি’ সিনেমার ‘চিকিরি চিকিরি’ ও ‘রাই রাই রা রা’ শিরোনামে দুটো গান মুক্তি পেয়েছে। ইতোমধ্যে গান দুটো মিউজিক চার্টের শীর্ষে উঠে এসেছে। স্থানীয় সুরের সঙ্গে আন্তর্জাতিক মানের প্রোডাকশনের মিশ্রণের ফলে গান দুটো সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড তৈরি করেছে।
গত ২৬ মার্চ, ‘পেদ্দি’ সিনেমা বড় পরিসরে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করেছিলেন নির্মাতারা। কিন্তু প্রোডাকশন জটিলতা ও পোস্ট-প্রোডাকশনের কারণে তা পিছিয়ে ৩০ এপ্রিল নির্ধারণ করা হয়। শুটিং প্রায় শেষ, এখন শুধু একটি আইটেম গান ও কিছু প্যাচওয়ার্ক বাকি। সবকিছু ঠিকঠাক এগোবে বলেই ধারণা করা হচ্ছিল। কিন্তু হঠাৎ নতুন জটিলতায় পড়েছে প্রজেক্টটি। ফলে সাময়িকভাবে শুটিং শিডিউল থেমে গেছে।
তারকা নির্বাচন নিয়ে মতবিরোধ
আইটেম গানটির অভিনেত্রী নির্বাচন নিয়ে রাম চরণ ও নির্মাতাদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। শুরুতে দক্ষিণী সিনেমার একজন অভিনেত্রীকে নেওয়ার পরিকল্পনা থাকলেও, রাম চরণ এতে সন্তুষ্ট নন বলে জানা গেছে। এ তারকা চান, এমন একজন অভিনেত্রীকে নেওয়া হোক, যার প্যান-ইন্ডিয়া জনপ্রিয়তা রয়েছে; যাতে গানটি দেশের বিভিন্ন অঞ্চলে বেশি দর্শক আকর্ষণ করতে পারে এবং সিনেমাটি বাণিজ্যিকভাবে সাফল্য পায়।
আলোচনায় একাধিক অভিনেত্রী
এরই মধ্যে প্রযোজনা টিম কয়েকজন অভিনেত্রীর নাম প্রস্তাব করেছেন। এ তালিকায় রয়েছেন—নয়ন সারিকা, মানসা ভারাণসি। তাছাড়া একজন কন্নড় অভিনেত্রীর নামও শুরুতে শোনা যায়। পরে গুঞ্জন ওঠে, ম্রুণাল ঠাকুরকে গানটিতে পারফর্ম করার জন্য প্রস্তাব দেওয়া হতে পারে, যদিও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। প্রাক্তন মিস ইন্ডিয়া মানসা ভারাণসিও আলোচনায় ছিলেন। এমনকি, পূজা হেগড়ে, ম্রুণাল ঠাকুর, আয়েশা খানের মতো তারকাদের নিয়ে মাল্টি-অ্যাকট্রেস গান করার পরিকল্পনার কথাও সামনে এসেছিল। তবে এখনো কিছুই চূড়ান্ত হয়নি।
আপাতত শুটিং বন্ধ
বর্তমানে ‘পেদ্দি’ সিনেমার শুটিং সাময়িকভাবে বন্ধ রয়েছে। ব্যক্তিগত কারণে রাম চরণ এক সপ্তাহের বিরতি নিয়েছেন, এই সময়ে নির্মাতারা কাস্টিং সমস্যার সমাধান করার চেষ্টা করছেন। পরিচালক বুচি বাবু সানা ও তার দল বাকি অংশের শুটিং শেষ করতে প্রায় ১০ দিন সময় নেবেন। এ কারণে আগামী ৩০ এপ্রিলে সিনেমাটির মুক্তি নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে। সব কাজ শেষ না হওয়া পর্যন্ত নতুন করে মুক্তির তারিখ ঘোষণা করা হবে না বলে জানানো হয়েছে।
গল্প ও বাজেট
আশির দশকে অন্ধ্রপ্রদেশের গ্রামীণ প্রেক্ষাপটে গড়ে উঠেছে ‘পেদ্দি’ সিনেমার কাহিনি। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন রাম চরণ। শক্তিশালী এক শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্য খেলাধুলার মাধ্যমে গ্রামের মানুষদের একত্রিত করেন তিনি। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। ২৫০-৩০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন—শিবা রাজকুমার, জগপতি বাবু, দিব্যেন্দু শর্মা প্রমুখ।
*সিয়াসাত অবলম্বনে
ঢাকা/শান্ত