ইছামতিতে ভাসছিল যুবকের লাশ
ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তে ইছামতি নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে, গত সোমবার একই স্থান থেকে অজ্ঞাতপরিচয় আরেক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিন দিনের ব্যবধানে দুটি মরদেহ উদ্ধারের ঘটনায় সীমান্ত এলাকায় তোলপাড় শুরু হয়েছে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয়রা উৎকট দুর্গন্ধ পেয়ে ইছামতির পাড়ে যান। এ সময় তারা নদীতে থাকা কচুরিপানায় ঢাকা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। সীমান্তের জিরো লাইন থেকে আনুমানিক ১০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে মরদেহটি ভাসমান অবস্থায় ছিল।
মহেশপুর-৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, মরদেহটি বাংলাদেশের ১০ গজ অভ্যন্তরে ইছামতি নদীতে কচুরিপানার নিচে ভাসমান অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, তিন-চারদিন আগে তার মৃত্যু হয়েছে।
মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
ঢাকা/শাহরিয়ার/রাজীব
ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন ট্রাম্প