কুষ্টিয়ায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রতীকী ছবি
কুষ্টিয়ার দৌলতপুরে সাপের কামড়ে রবিউল ইসলাম (৩৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) রাতে পদ্মার চর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
রবিউল ইসলাম উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ মণ্ডলপাড়া গ্রামের জামাল মালিথার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে রবিউল পদ্মার চরে কাজে যান। দিন শেষে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যায় পরিবারের লোকজন ও স্থানীয়রা পদ্মার চরে গিয়ে রবিউলকে পড়ে থাকতে দেখেন। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মুখের লালা ও শরীরের অবস্থা দেখে ধারণা করা হচ্ছিল, রাসেলস ভাইপারের কামড়ে তার মৃত্যু হয়েছে। তবে সাপটি রাসেলস ভাইপার কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম তুহিন বলেন, রাত ৯টার দিকে মৃত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক পরীক্ষায় সাপের কামড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে মরদেহ হাসপাতালে আনার ক্ষেত্রে বিলম্ব হওয়ায় সাপটি রাসেলস ভাইপারই ছিল কি না তা নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না।
এদিকে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে দক্ষিণ ফিলিপনগর মন্ডলপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে রবিউল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে।
ঢাকা/কাঞ্চন/রাজীব
ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন ট্রাম্প