ঢাকা     বুধবার   ১৫ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ২ ১৪৩৩ || ২৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শিক্ষামন্ত্রী জানালেন

ডিজিটাল নকল ঠেকাতে আইন যুগোপযোগী করার উদ্যোগ, পরীক্ষায় কড়া নজরদারি

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ১৫ এপ্রিল ২০২৬   আপডেট: ১৩:২৬, ১৫ এপ্রিল ২০২৬
ডিজিটাল নকল ঠেকাতে আইন যুগোপযোগী করার উদ্যোগ, পরীক্ষায় কড়া নজরদারি

সিলেট নগরের মেন্দিবাগ অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

পরীক্ষায় নকলের ধরন পরিবর্তিত হয়ে ‘ডিজিটাল’ ও সংঘবদ্ধ রূপ নেওয়ায় তা প্রতিরোধে আইন যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। 

তিনি জানান, নতুন বাস্তবতায় শুধু এসএসসি বা এইচএসসি নয়, সব ধরনের পরীক্ষা এমনকি নিয়োগ পরীক্ষাকেও একই আইনের আওতায় আনা হবে।

আরো পড়ুন:

বুধবার (১৫ এপ্রিল) সিলেট নগরীর মেন্দিবাগ অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষ্যে সিলেট শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড, এবং কারিগরি শিক্ষা বোর্ড-এর কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “আগে নকল ছিল ব্যক্তি পর্যায়ে, এখন তা অনেক ক্ষেত্রে সংগঠিত অপরাধে পরিণত হয়েছে। এমনকি কিছু ক্ষেত্রে প্রতিষ্ঠানভিত্তিক জড়িত থাকার অভিযোগও পাওয়া যাচ্ছে। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে নকল শব্দটির সংজ্ঞা পুনর্নির্ধারণ করা হচ্ছে, যাতে এর সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে আইনের আওতায় আনা যায়।”

তিনি বলেন, “পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে সারাদেশে কেন্দ্রগুলোতে ধাপে ধাপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। এতে কেন্দ্রের ভেতরের কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি সামগ্রিক শিক্ষার মান নিয়ন্ত্রণেও সহায়ক হবে। আমরা চাই, মন্ত্রণালয়ে বসেই যেন দেখতে পারি ক্লাস ঠিকমতো হচ্ছে কি না, পরীক্ষা সুষ্ঠু হচ্ছে কি না।”

“নকল বন্ধ করতে হলে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয় এর পেছনের কারণগুলোও খুঁজে বের করতে হবে। অনেক ক্ষেত্রে মানসম্মত পাঠদান না হওয়া, শিক্ষার্থীদের প্রস্তুতির ঘাটতি এবং পরীক্ষাভিত্তিক শিক্ষা ব্যবস্থার চাপ নকল প্রবণতা বাড়িয়ে দেয়” যোগ করেন তিনি।

শিক্ষামন্ত্রী শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সঠিকভাবে শিক্ষার্থীদের পড়াতে হবে। তারা যেন পরীক্ষায় আত্মবিশ্বাস নিয়ে অংশ নিতে পারে সে পরিবেশ তৈরি করা জরুরি।” একই সঙ্গে খাতা মূল্যায়নে স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, “অতীতে নকল দমন সম্ভব হয়েছিল সরকারের কঠোর অবস্থান ও সংশ্লিষ্ট সবার আন্তরিকতার কারণে।” এবারও একইভাবে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সুষ্ঠু পরীক্ষা নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

ঢাকা/রাহাত/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়