ইরানের সঙ্গে চুক্তিই অগ্রাধিকার, অন্যথায় সামরিক পদক্ষেপ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরান ইস্যুতে একটি মিশ্র বার্তা দিয়েছেন। একদিকে তিনি যেমন কূটনৈতিক উপায়ে চুক্তি করার প্রতি সমর্থন প্রকাশ করেছেন, তেমনি অন্যদিকে সতর্কবার্তা দিয়ে বলেছেন- আলোচনা ব্যর্থ হলে ওয়াশিংটন পুনরায় সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।
শনিবার (৩০ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম ওয়ানা নিউজ।
প্রতিবেদনে বলা হয়, আজ শনিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ার শীর্ষ নিরাপত্তা সম্মেলন ‘শাংরি-লা ডায়ালগ’-এ বক্তব্য দেওয়ার সময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এই মন্তব্য করেন। বক্তব্যে হেগসেথ এমন একটি অবস্থান তুলে ধরেন, যা তেহরানের প্রতি কূটনৈতিক তৎপরতা ও সামরিক চাপের সমন্বয়ে গঠিত যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কৌশলকেই প্রতিফলিত করে।
বক্তব্যের এক অংশে হেগসেথ যুক্তি দিয়ে বলেন, “ইরানের সঙ্গে যেকোনো চুক্তিই একটি ভালো চুক্তি হবে।” এর মাধ্যমে তিনি স্পষ্ট করেন, বর্তমান মার্কিন প্রশাসন আলোচনার মাধ্যমেই বিরোধের নিষ্পত্তি করতে বেশি আগ্রহী।
তবে বক্তব্যের পরের অংশে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী সম্পূর্ণ ভিন্ন সুরে কথা বলেন। যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র ‘ইরানের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু করতে সম্পূর্ণ সক্ষম’।
তিনি আরো দাবি করেন, এই ধরনের কোনো অভিযান পরিচালনার জন্য মধ্যপ্রাচ্য অঞ্চলসহ বিশ্বজুড়ে মার্কিন সামরিক মজুত প্রয়োজনের চেয়েও বেশি রয়েছে।
হেগসেথ ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়ে ওয়াশিংটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে এটিকে যুক্তরাষ্ট্রের একটি চলমান বৈশ্বিক দায়িত্ব হিসেবেও বর্ণনা করেন।
পেন্টাগনের অবস্থানের সারসংক্ষেপ টেনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী স্পষ্টভাবে জানান, কূটনৈতিক প্রচেষ্টা যদি কোনো চুক্তি অর্জনে ব্যর্থ হয়, তাহলে সামরিক বিকল্পগুলো উন্মুক্ত থাকবে এবং যুক্তরাষ্ট্র ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে।
এর ঠিক একদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, তেহরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তিতে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করার মতো বড় ধরনের শর্ত অন্তর্ভুক্ত থাকতে পারে।
তবে ইরানি কর্মকর্তারা ট্রাম্পের এই দাবি দ্রুত প্রত্যাখ্যান করে জানান, চূড়ান্ত কোনো চুক্তি এখনো সম্পন্ন হয়নি।
এই মন্তব্যগুলো এমন এক সময়ে এলো যখন ইরানি কর্মকর্তারা ক্রমাগত জোর দিয়ে বলছেন, তেহরান একটি শক্তিশালী অবস্থান থেকে আলোচনায় অংশ নিচ্ছে। কোনো ধরনের সামরিক হুমকি বা রাজনৈতিক চাপ প্রয়োগ করে ইরানকে তাদের জাতীয় স্বার্থ ও বৈধ পারমাণবিক অধিকার সুরক্ষার সংকল্প থেকে বিচ্যুত করা যাবে না।
ঢাকা/ফিরোজ
হামে আক্রান্ত-উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু