ঢাকা     শনিবার   ৩০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩ || ১৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বেড়াতে এসে কাপ্তাই হ্রদে কিশোর নিখোঁজ

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৫, ৩০ মে ২০২৬   আপডেট: ১৭:০৬, ৩০ মে ২০২৬
বেড়াতে এসে কাপ্তাই হ্রদে কিশোর নিখোঁজ

নিখোঁজ কিশোর নবজিৎ চাকমা

রাঙামাটির কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে নেমে পানিতে ডুবে এক কিশোর নিখোঁজ হয়েছে।

শনিবার (৩০ মে) দুপুরে সদর উপজেলাধীন কাইন্দ্যারমুখ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ কিশোরের নাম নবজিৎ চাকমা (১৭), পিতার নাম প্রদীপ চৌধুরী। তার বাড়ি খাগড়াছড়ির তেঁতুলতলা এলাকায় বলে জানা গেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নবজিৎ চাকমা বন্ধুর সঙ্গে কাপ্তাই হ্রদে গোসল করতে নামে। হ্রদের পানিতে সাঁতার কাটার এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে বন্ধু স্থানীয় কয়েকজনের সহায়তায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে বিষয়টি জানান। 

বালুখালী ইউপি চেয়ারম্যান অমর কুমার চাকমা বলেন, ‘‘নবজিৎ ও তার বন্ধু একটি বিয়েতে অংশগ্রহণ করার জন্য এখানে এসেছিল। আজ দুপুরে হ্রদে সাঁতার কাটতে নেমে সে পানিতে তলিয়ে যায়। আমি খবর পাওয়ার সাথে সাথেই বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও ফায়ার সার্ভিসকে জানাই। বর্তমানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।’’

রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) নিউটন দাস বলেন, খবর পাওয়ার পরপরই আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। কিন্তু গতকালের বৃষ্টির কারণে হ্রদে স্রোত ও ঘোলা পানি রয়েছে। ফলে অভিযান পরিচালনা করতে বেগ পেতে হচ্ছে। 

ঢাকা/শংকর//

সর্বশেষ

পাঠকপ্রিয়