সাংবাদিকদের ১০ম ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন-ভাতা বাস্তবায়নের দাবি হুইপ অপুর
শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সাংবাদিকদের ১০ম ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন-ভাতা বাস্তবায়নের দাবি জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
শনিবার (৩০ মে) শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে জেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।
নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সাংবাদিকদের স্বাধীনভাবে লেখার অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন।”
তিনি বলেন, “গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা বজায় রাখতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই।”
এ সময় তিনি নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে শরীয়তপুরের উন্নয়নে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শরীয়তপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি আবুল হোসেন সরদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল আমিন রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শওকত আরা আক্তার, শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক সদর এ. কে. এম. নাসির উদ্দিন কালু প্রমুখ।
ঢাকা/আকাশ/রাজীব
হামে আক্রান্ত-উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু