ঢাকা     শনিবার   ৩০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩ || ১৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জিয়াউর রহমানের রূপকল্পই চলচ্চিত্রে বাস্তবায়ন করতে হবে: মঈন খান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৪, ৩০ মে ২০২৬   আপডেট: ১৬:২৭, ৩০ মে ২০২৬
জিয়াউর রহমানের রূপকল্পই চলচ্চিত্রে বাস্তবায়ন করতে হবে: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূপকল্প চলচ্চিত্রে বাস্তবায়ন করতে হবে।”

তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও চলচ্চিত্র অনুদান প্রবর্তন করেছেন, বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠা করেছেন, বিটিভি সাদাকালো থেকে রঙিন করেছেন, বিএফডিসি আধুনিকায়ন করেছেন।”

আরো পড়ুন:

“বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন চলচ্চিত্রের উন্নয়ন সবচেয়ে বেশি হয়েছে। আমাদের সরকার অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে আবারো চলচ্চিত্রের উন্নয়ন করবে।”

শনিবার (৩০ মে) রাজধানীর বিএফডিসি গেটে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে পাঁচ শতাধিক মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের সভাপতি চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের প্রধান উপদেষ্টা চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহাসচিব অভিনেতা এবিএম সোহেল রশিদ, উপস্থাপনা করেন সাংগঠনিক সম্পাদক, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক মনজুরুল ইসলাম মেঘ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের উপদেষ্টা রফিকুল ইসলাম, আবু হেনা বাবলু, হান্নান মজুমদার, সহসভাপতি চলচ্চিত্র পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু, অভিনেত্রী রোকেয়া সুলতানা কেয়া, চিত্রনায়ক আবির চৌধুরী, চিত্রনায়ক মারুফ আকিব, যুগ্ম মহাসচিব চিত্রনায়িকা জিনিয়া, চিত্রনায়ক তানভির তনু, জিএম সাঈদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চলচ্চিত্র পরিচালক রাজু আহমেদ, আপ্যায়নবিষয়ক সম্পাদক চলচ্চিত্র ব্যবস্থাপক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক আজিজুল হক খোকা, অভিনেতা আসিফ বাবু, অভিনেতা পলাশ খান, অভিনেতা ডেঞ্জার নাসিম, ব্যবস্থাপক শাহ আলম, অভিনেতা মোহাম্মাদ হোসেন লিটন প্রমুখ।

বিশেষ অতিথি চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল বলেন, “বিগত ১৭ বছর এফডিসি ধ্বংস করা হয়েছে, বিএনপি চলচ্চিত্রের যত উন্নয়ন করেছে পলাতক ফ্যাসিস্ট সরকার সেটি ধ্বংস করে চলচ্চিত্রের শেষ করে দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে সঙ্গে নিয়ে চলচ্চিত্রের উন্নয়ন করা হবে।”

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে শহীদ জিয়া, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, প্রয়াত আরাফাত রহমানের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এর আগে সকালে কোরআন খতম ও ফাতেহা পাঠ করা হয়েছে। এই আয়োজনে সহযোগিতা করেছে বিএফডিসি জাতীয়তাবাদী এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন।

ঢাকা/নজরুল/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়