ঢাকা     শনিবার   ৩০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩ || ১৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুয়েত ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচ মার্কিন নাগরিক আহত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৮, ৩০ মে ২০২৬   আপডেট: ১৫:৫৯, ৩০ মে ২০২৬
কুয়েত ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচ মার্কিন নাগরিক আহত

ইরানি ক্ষেপণাস্ত্র

কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ‘আলী আল সালেম’-এ ইরানের সাম্প্রতিক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত পাঁচজন মার্কিন কর্মী আহত হয়েছেন। 

শনিবার (৩০ মে) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর ইরানি সংবাদমাধ্যম ওয়ানা নিউজের। 

আরো পড়ুন:

মার্কিন সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, হামলায় মার্কিন সামরিক বাহিনীর মূল্যবান দুটি ‘এমকিউ-৯ রিপার’ ড্রোনও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে একটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। প্রতিটি ড্রোনের আনুমানিক মূল্য প্রায় ৬০ মিলিয়ন মার্কিন ডলার। 

গত বৃহস্পতিবার (২৮ মে) সকালে চালানো এই হামলাকে মার্কিন সেন্টাল কমান্ড (সেন্টকম) ‘যুদ্ধবিরতির চরম লঙ্ঘন’ বলে অভিহিত করেছে। 

ব্লুমবার্গের প্রতিবেদনে একজন বেনামী সূত্রের বরাত দিয়ে বলা হয়, কুয়েতি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের একটি ‘ফাতেহ-১১০’ ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে। তবে প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মার্কিন নিয়ন্ত্রিত আলী আল সালেম বিমান ঘাঁটিতে গিয়ে পড়ে।

সূত্রটি আরো জানায়, সামরিক কর্মী ও ঠিকাদারসহ প্রায় পাঁচজন ব্যক্তি আহত হয়েছেন। একটি রিপার ড্রোন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং অন্তত আরো একটি ড্রোন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার এক পাল্টা বিবৃতিতে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী জানায়, মার্কিন বাহিনী বৃহস্পতিবার ভোররাতে দক্ষিণ ইরানের বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে আকাশপথে যে হামলা চালিয়েছিল, তার পাল্টা জবাব হিসেবেই কুয়েতের এই মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

আইআরজিসির দাবি, মার্কিন আগ্রাসনের মূল উৎপত্তিস্থল ছিল কুয়েতের এই আলী আল সালেম বিমান ঘাঁটি।

আইআরজিসি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই ক্ষেপণাস্ত্র হামলাটি শত্রুদের জন্য একটি প্রাথমিক সতর্কবার্তা মাত্র। ভবিষ্যতে যেকোনো ধরনের উস্কানি বা আগ্রাসনের আরো কঠোর ও নিষ্পত্তিমূলক জবাব দেওয়া হবে এবং এর সব দায় সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রকে নিতে হবে।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়