ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারায় ডাম্প ট্রাক, ৫ গাড়িকে ধাক্কা
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
গাজীপুরের চন্দনা চৌরাস্তা ফ্লাইওভারে একটি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ৫টি গাড়িকে ধাক্কা দিয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ফ্লাইওভারের ঢাল দিয়ে নামার সময় ডাম্প ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা যানবাহনগুলোকে ধাক্কা দেয়। এতে পাঁচটি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে রয়েছে- প্রাইভেটকার, কাভার্ডভ্যান, পিকআপ, অটোরিকশা এবং একটি লোড গাড়ি।
বাসন থানার ওসি হারুন-অর-রশিদ বলেন, “দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। ডাম্প ট্রাক চালকের বেপরোয়া গতি নাকি যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত শেষে জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”
ঢাকা/রেজাউল/রাজীব